বিশ্বের জনপ্রিয় সিরিজ ‘গেম অফ থ্রোনস’খ্যাত আইরিশ তারকা আইরিশ মাইকেল প্যাট্রিক মারা গেছেন।  তার বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর।

মঙ্গলবার (৭ এপ্রিল) উত্তর আয়ারল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। 

অভিনেতার স্ত্রী নাওমি শিহান বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তায় প্যাট্রিকপত্নী জানান, বিরল স্নায়বিক রোগ ‘মোটর নিউরন ডিজিজ’ (এমএনডি)-এর সঙ্গে দীর্ঘ সংগ্রামের পর চিরবিদায় নিয়েছেন মাইকেল।

জনপ্রিয় ফ্যান্টাসি ড্রামা সিরিজ ‘গেম অফ থ্রোনস’-এ বেরিক ডনডারিওনের নেতৃত্বাধীন ‘ব্রাদারহুড উইদাউট ব্যানার্স’-এর একজন সক্রিয় সদস্য হিসেবে অভিনয় করেন মাইকেল। তার চরিত্রটি খুব বড় না হলেও বলিষ্ঠ অভিনয়ের মাধ্যমে খুব অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন প্যাট্রিক।

শুধু ‘গেম অফ থ্রোনস’ নয়, রূপালি পর্দায়ও প্রতিভার স্বাক্ষর রেখেছেন এ অভিনেতা। কেনেথ ব্রানাঘ পরিচালিত অস্কারজয়ী চলচ্চিত্র ‘বেলফাস্ট’-এ তাকে দেখা গেছে। এছাড়া ‘ব্লু লাইটস’ এবং ‘মাই লেফট নাট’-এর মতো জনপ্রিয় টেলিভিশন শো এবং থিয়েটার জগতেও তিনি ছিলেন সমানভাবে উজ্জ্বল ও সক্রিয়।

২০২৩ সাল থেকে মাইকেল ‘মোটর নিউরন ডিজিজ’ নামের এক বিরল ও জটিল রোগে ভুগছিলেন। এই রোগের প্রভাবে ধীরে ধীরে শরীরের পেশি সঞ্চালন, হাঁটাচলা এবং কথা বলার শক্তি হারিয়ে ফেলতেন তিনি। শেষ দিকে শ্বাস-প্রশ্বাস নেওয়াও তার জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছিল।

মাইকেলের অকাল মৃত্যুতে বিনোদন বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। তার সহকর্মী ও অগণিত অনুরাগী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় অভিনেতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছেন। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews