বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন নিয়ে সম্প্রতি ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। অনেকেরই ধারণা ছিল, ড. আহসান এইচ মনসুর তাঁর মেয়াদ পূর্ণ করবেন। সেই আশা ভুল ছিল। কারণ, রাজনৈতিক সরকারগুলো সাধারণত মন্ত্রণালয়, বিভাগ ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নেতৃত্বে নিজেদের পছন্দের লোকদেরই বসায়। এটি বিশ্বজুড়েই প্রচলিত।
তবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদটি অত্যন্ত বিশেষায়িত ও কারিগরি। তাই এই পদ থাকা উচিত রাজনীতির ঊর্ধ্বে। মেয়াদ শেষ হওয়ার আগে গভর্নরকে অপসারণ করা কোনো সরকারেরই উচিত নয়। যেমন যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলকে আইনগত সুরক্ষার কারণে সহজে অপসারণ করা যায় না।
বাংলাদেশের মতো দেশে গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিকভাবে পুরোপুরি শক্তিশালী হয়নি। এখানে প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রে নাজুক। শাসনব্যবস্থা অনেক ক্ষেত্রে নিয়ম ও প্রক্রিয়ার চেয়ে তাৎক্ষণিক সুবিধার ওপর নির্ভরশীল। এ ধরনের পরিবেশে অনেক সময় নিয়মকে পাশ কাটিয়ে ক্ষমতার প্রয়োগ ঘটে এবং সঠিক প্রক্রিয়ার বদলে রাজনৈতিক উদ্দেশ্য প্রাধান্য পায়। অথচ প্রতিষ্ঠিত নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। কারণ, প্রতিষ্ঠান টিকে থাকে স্থিতিশীলতা ও প্রাতিষ্ঠানিক মর্যাদার ওপর, যা নিশ্চিত হয় সঠিক প্রক্রিয়ার মাধ্যমে।