ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে এমন এক বিস্ময়কর রেকর্ড গড়েছেন দেশটির অলরাউন্ডার জাস্টিন গ্রিভস, যা ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে এর আগে কখনো দেখেনি ক্রিকেট বিশ্ব।

সোমবার (২৭ জুলাই) ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে টানা পাঁচটি মেডেন ওভারে পাঁচটি উইকেট নেয়ার অনন্য কীর্তি গড়েছেন গ্রিভস।

তারুবায় প্রথম ইনিংসে ৩১১ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৩ উইকেটে ১৯৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। ২৪৪/৩ থেকে গ্রিভসের দুর্দান্ত স্পেলে ধসে পড়ে সফরকারীরা।

২৪৪ রানে ৪ উইকেটের পর থেকে শুরু হয় গ্রিভস শো। তার দুর্দান্ত বোলিংয়ে ২৮২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৬ ওভারে ২৭ রান দিয়ে কোনো উইকেট না পাওয়া গ্রিভস ইনিংস শেষ করেন ১১ ওভারে ২৭ রানে ৫ উইকেট নিয়ে।

গ্রিভসের শুরুটা হয় ইনিংসের ৬৪তম ওভারে শান মাসুদকে শেষ বলে বোল্ড করে। এরপর একে একে মোহাম্মদ রিজওয়ান, আমির জামাল, আলি উসমান, মোহাম্মদ আব্বাসকে আউট করে ফাইফার তুলে নেন গ্রিভস।

এর আগে টানা চারটি মেডেন ওভারে চার উইকেট নেয়ার রেকর্ড ছিল ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রডের। ২০১৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন। গ্রিভস সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখলেন।

নিজের ১৭তম টেস্ট খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট শিকারের পর গ্রিভস বলেন, ‘বোলিংয়ে আসার পর অধিনায়ক রোস্টন চেজ শুধু বলেছিলেন, শৃঙ্খলা ধরে রাখতে। বল ভালোভাবে নড়ছিল, আর আমি তার পুরস্কার পেয়েছি। টেস্টে প্রথমবার পাঁচ উইকেট পেয়ে অবশ্যই খুব আনন্দিত, তবে ম্যাচে এখনো অনেক কাজ বাকি।’

দিনের শেষদিকে অবশ্য পাকিস্তানও দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে ১২৬/৭ রানে চেপে ধরে সফরকারীরা। পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস ৩টি ও খুররম শাহজাদ নেন ২টি উইকেট।

তৃতীয় দিন শেষ ১৫৫ রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। আজ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে চতুর্থ দিনের খেলা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews