জাতীয় দলে সবশেষ খেলেছিলেন চার বছর আগে। মাঝের দীর্ঘ সময়ে কখনও স্কোয়াডেই ছিলেন না রস স্টুয়ার্ট। তবে সাউথ্যাম্পটনের এই ফরোয়ার্ডকে নিয়েই বিশ্বকাপ খেলতে যাচ্ছে স্কটল্যান্ড।
আসছে বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন দলটির প্রধান কোচ স্টিভ ক্লার্ক। টিনএজার মিডফিল্ডার ফিন্ডলে কার্টিসকেও দলে রেখেছেন কোচ। তবে ১৯ বছর বয়সী আরেক মিডফিল্ডার লেনন মিলারের জায়গা হয়নি।
২৯ বছর বয়সী স্টুয়ার্ট আন্তর্জাতিক ফুটবলে দুটি ম্যাচ খেলেছেন এবং দুটিই ২০২২ সালে। ওই গ্রীষ্মের পর আর কখনোই জাতীয় দলে ডাক পাননি তিনি। চলতি মৌসুমে ইংলিশ ফুটবল লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে সাউথ্যাম্পটনের হয়ে ৩৩ ম্যাচে ১১টি গোল করেছেন স্টুয়ার্ট।
গত মার্চে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে অভিষেক হয় রেঞ্জার্সের উইঙ্গার কার্টিসের। ওই ম্যাচে মাত্র ৯ মিনিট খেললেও, কোচের আস্থা অর্জন করতে পেরেছেন ১৯ বছর বয়সী এই ফুটবলার। পোস্টে তিন গোলরক্ষকের একজন হিসেবে ডাক পেয়েছেন ৪৩ বছর বয়সী ক্রেইগ গর্ডন। আন্তর্জাতিক ফুটবলে ৮৩টি ম্যাচ খেলেছেন তিনি; তবে মার্চের দুটি ম্যাচে চোটের কারণে দলের বাইরে ছিলেন গর্ডন।
উল্লেখ্য, ১৯৯৮ আসরের পর আবার বিশ্বকাপে খেলতে যাচ্ছে স্কটল্যান্ড। আগামী ১৪ জুন হাইতির বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে তাদের। ‘সি’ গ্রুপে তারা আরও খেলবে মরক্কো ও ব্রাজিলের বিপক্ষে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ