যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন শুল্কের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশ প্রতিক্রিয়া জানিয়েছে। শুক্রবার তারা এ প্রতিক্রিয়া জানিয়েছে। তার আগের দিন যুক্তরাষ্ট্র ৮০টির বেশি দেশের পণ্যে ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপ করে।
মার্কিন প্রশাসন ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারা অনুযায়ী এ শুল্ক আরোপের ব্যাখ্যা দিয়েছে। তাদের দাবি, সংশ্লিষ্ট দেশগুলো জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেয়নি। শুল্কের আওতায় পড়া অনেক দেশ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
ট্রাম্পের লক্ষ্য হলো, যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়ানো। সেই সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে যে বাণিজ্যঘাটতি আছে, তা কমানো। সে লক্ষ্যেই তাঁর এই শুল্ক আরোপ। তবে তাঁর এই নীতি বড় ধরনের আইনি বাধার মুখেও পড়েছে। এর আগে তাঁর বহুল আলোচিত পাল্টা শুল্ককে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ঘোষণা করে।
বৃহস্পতিবার রাতে কার্যকারিতা শেষ হওয়া বৈশ্বিক ১০ শতাংশ শুল্কের পরিবর্তে এবার এই নতুন শুল্ক কার্যকর করা হয়েছে। এতে ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের আইনের অপব্যবহার করছেন, এমন সমালোচনা উঠেছে। দেখে নেওয়া যাক, এই শুল্কের বিরুদ্ধে কোন দেশ কী প্রতিক্রিয়া জানিয়েছে।