চড়াই-উতরাই পেরিয়ে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাওয়া ছয়জন ব্যতিক্রমী মানুষকে ‘এম-রাইজ হিরো’ সম্মাননায় ভূষিত করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপ। গত বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত জাঁকজমকপূর্ণ ‘এম-রাইজ গালা নাইট’-এ হিরোদের জীবনভিত্তিক ডকুমেন্টারি, হিরো রিভিল ও সাংস্কৃতিক আয়োজনের মধ্যদিয়ে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন মেগাস্টার শাকিব খান।

চলচ্চিত্রের পর্দার হিরোর হাত থেকে সমাজের বাস্তব জীবনের হিরোরা গ্রহণ করেন এই বিশেষ সম্মাননা। এ সময় উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্রুপের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড লিগ্যাল শেখ শাবাব আহমেদ। এম-রাইজের প্রথম আসরে সম্মাননা পেয়েছেন চট্টগ্রামের প্রযুক্তি উদ্ভাবক জয় বড়ুয়া লাবলু, যিনি স্বল্প খরচে বায়োনিক হাত তৈরি করে অসংখ্য মানুষের জীবনে নতুন সম্ভাবনা তৈরি করেছেন। কক্সবাজারের মো. রোস্তম আলী ‘মা-বাবা ফাউন্ডেশন’র মাধ্যমে অবহেলিত বৃদ্ধ ও এতিম শিশুদের আশ্রয় ও সহায়তা দিয়ে যাচ্ছেন। ঢাকার প্রাণী সেবক মো. আবদুল কাইয়ুম পথপ্রাণী উদ্ধার ও চিকিৎসাসেবায় দীর্ঘদিন ধরে কাজ করছেন। এ ছাড়া, চট্টগ্রামের মো. রিজওয়ান ‘এক টাকায় শিক্ষা’ উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা প্রদান করছেন। কক্সবাজারের মরিয়ম সমুদ্রশৈবাল চাষের মাধ্যমে উপকূলীয় নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখছেন।

অন্যদিকে, প্রসেনজিৎ কুমার সাহা ‘উচ্ছ্বাস’ উদ্যোগের মাধ্যমে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও স্বাস্থ্য সচেতনতায় কাজ করে যাচ্ছেন। শাকিব খান বলেন, সত্যিকারের হিরোদের হাতে সম্মাননা তুলে দিতে পেরে আমি সত্যিই গর্বিত। এম-রাইজের মতো প্ল্যাটফরম এমন মানুষদের সামনে আনে, যারা আলোচনার বাইরে থেকেও বাস্তব পরিবর্তন তৈরি করছেন। আমি বিশ্বাস করি, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে আরও মানবিক কাজ ও সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত করবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews