কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি' আলবার্টার স্বাধীনতা নিয়ে সম্ভাব্য গণভোটকে ‘বিপজ্জনক’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, বিভ্রান্তিকর তথ্য ও রাজনৈতিক উত্তেজনা ব্যবহার করে জনগণকে প্রভাবিত করার চেষ্টা কানাডার ঐক্যের জন্য হুমকি হতে পারে।
কার্নি সতর্ক করে বলেন, আলবার্টার বিচ্ছিন্নতার পক্ষে যেসব প্রচারণা চলছে, তার কিছু অংশে ভুল তথ্য ও ‘প্রতারণামূলক রাজনৈতিক কৌশল’ ব্যবহার করা হচ্ছে বলে উদ্বেগ রয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, অধিকাংশ আলবার্টাবাসী এখনো কানাডার সঙ্গেই থাকতে চান।
অন্যদিকে, কানাডার আলবার্টা প্রদেশে বিচ্ছিন্নতাবাদ নিয়ে নতুন জরিপে দেখা গেছে, অধিকাংশ মানুষ এখনো কানাডার সঙ্গেই থাকতে চান। জরিপ অনুযায়ী, প্রায় ৬০ শতাংশের বেশি আলবার্টাবাসী কানাডার অংশ হিসেবেই থাকতে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে প্রায় ৩৫ শতাংশ মানুষ আলাদা হয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন।
সাম্প্রতিক সময়ে আলবার্টায় স্বাধীনতা ও বিচ্ছিন্নতা নিয়ে রাজনৈতিক বিতর্ক বেড়েছে। তবে বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, বিচ্ছিন্নতার পক্ষে সমর্থন বাড়লেও তা এখনো সংখ্যালঘু অবস্থানে রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় সরকারের নীতি, জ্বালানি খাত এবং অর্থনৈতিক ইস্যু নিয়ে অসন্তোষ থেকেই আলবার্টায় এই বিচ্ছিন্নতাবাদী আলোচনা জোরালো হয়েছে। তবে অধিকাংশ নাগরিক এখনো কানাডার ঐক্য বজায় রাখার পক্ষেই অবস্থান নিয়েছেন।
বিডি-প্রতিদিন/টিএ