দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে ১৭ সদস্যের জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটি পুনর্গঠন করেছে সরকার।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতাকে। প্রতিমন্ত্রীকে সহসভাপতি এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (নিরাপত্তা)-কে সদস্যসচিব করা হয়েছে।

দেশের প্রধান প্রধান গোয়েন্দা সংস্থা, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের নিয়ে কমিটিটি গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটির প্রথম সভা আগামী বৃহস্পতিবার বেবিচক সদর দপ্তরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সম্ভাব্য নিরাপত্তা হুমকি চিহ্নিত ও মোকাবিলায় গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, প্রযুক্তিগত উন্নয়ন এবং কৌশলগত সুপারিশ দেবে কমিটি। পাশাপাশি নতুন বিমানবন্দর নির্মাণের সময় নিরাপত্তাসংক্রান্ত অবকাঠামো নিশ্চিত করা, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) মানদণ্ড অনুসরণ, আধুনিক নিরাপত্তা সরঞ্জাম সংযোজন এবং বিদ্যমান নিরাপত্তা নীতি পর্যালোচনার দায়িত্বও পালন করবে।

কমিটির কার্যক্রম আরও কার্যকর করতে প্রয়োজনে বিশেষজ্ঞ সদস্য অন্তর্ভুক্ত এবং উপকমিটি গঠনের সুযোগ রাখা হয়েছে। কমিটির সভাপতি বছরে অন্তত দুইবার সভা আহ্বান করবেন।

বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী আফরোজা খানম রিতা। তাঁর মতে, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বিত পদক্ষেপ এবং দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নে কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, নতুন এই কাঠামোর মাধ্যমে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় সমন্বিত নজরদারি ও তদারকি বাড়বে। একই সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড পূরণে দেশের বেসামরিক বিমান চলাচল খাত আরও সক্ষম হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews