শঙ্কা কেটে যাচ্ছে। ৪ মে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি তা নিশ্চিত করেছে। মিরপুর জাতীয় স্টেডিয়ামসহ ছয় ভেন্যুতে এবার লিগ হবে। তবে আগের মতো সুপার লিগ থাকছে না। সিঙ্গেল লিগ পদ্ধতিতে শিরোপা নির্ধারিত হবে। থাকছে রেলিগেশন লিগও। পয়েন্টের নিচে থাকা দুই দল প্রথম বিভাগে নেমে যাবে। আসন্ন মৌসুমে ম্যাচ হবে ৬৯টি। লিগ পর্বে ৬৬টি ও রেলিগেশনে তিন ম্যাচ।
লিগ সামনে রেখে গতকাল থেকে মিরপুর জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে মোহামেডান, প্রাইম ব্যাংক ও ঢাকা রেপার্ট। ১১ জুন লিগ শেষ হওয়ার কথা। দেশের জনপ্রিয় দুই দল আবাহনী ও মোহামেডান এবারও বিগ বাজেটে শক্তিশালী দল গড়েছে।