ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে কঙ্গোর ফুটবল দলের সদস্যদের আইসোলেশনে থাকতে হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি।
স্থানীয় সময় শুক্রবার (২২ মে) তিনি নিশ্চিত করেছেন, কঙ্গোর প্রতিনিধিদলকে অবশ্যই একটি ‘বাবল’ বজায় রাখতে হবে। দলটি বর্তমানে বেলজিয়ামে প্রশিক্ষণ নিচ্ছে এবং ২১ দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে। অন্যথায় তাদের প্রবেশাধিকার দেওয়া হবে না।
আসন্ন বিশ্বকাপে কঙ্গো ‘কে’ গ্রুপে রয়েছে। তাদের প্রথম খেলা ১৭ জুন হিউস্টনে পর্তুগালের বিপক্ষে খেলবে। এরপর ২৩ জুন মেক্সিকোর গুয়াদালাহারায় কলম্বিয়ার বিপক্ষে এবং ২৭ জুন আটলান্টায় উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে দলটি।
ইএসপিএন-এর বরাত দিয়ে জুলিয়ানি বলেন, আমরা কঙ্গোকে খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি ১১ জুন হিউস্টনে আসার আগে তাদের অবশ্যই ২১ দিনের জন্য নিজেদের ‘বাবল’-এর অখণ্ডতা বজায় রাখতে হবে। আমরা কঙ্গো সরকারকেও খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, তাদের অবশ্যই এই সুরক্ষা বলয় বজায় রাখতে হবে, নতুবা তারা যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে না পারার ঝুঁকিতে পড়বে। আমরা এর চেয়ে আর স্পষ্ট করে কিছু বলতে পারি না।
ফরাসি প্রধান কোচ সেবাস্তিয়ান দেসাবের সহ কঙ্গো দলের সব সদস্য মধ্য আফ্রিকার এই দেশটির বাইরে থাকেন। তাদের বেশিরভাগই ইউরোপে পেশাদারভাবে খেলেন, যার মধ্যে রয়েছেন ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে ডিফেন্ডার অ্যারন ওয়ান-বিসাকা (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড) ও ফরোয়ার্ড ইয়োয়ানে উইসা (নিউক্যাসল ইউনাইটেড) এবং ফ্রান্সের লিগ ওয়ানে অধিনায়ক ও ডিফেন্ডার চ্যানসেল এমবেম্বা (লিল)।
গিউলিয়ানি বলেছেন, বিশ্বকাপকে ঘিরে স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো ঝুঁকি নিতে চায় না।তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চাই এই বিষয়ে আমাদের সীমান্তে বা এর কাছাকাছি কোনো কিছুই যেন প্রবেশ করতে না পারে।
চলকি মাসের শুরুতে কঙ্গো বুন্দিবুগিও নামক ইবোলার একটি বিরল ভাইরাসের প্রাদুর্ভাব নিশ্চিত করেছে। এতে ৬০০ সন্দেহভাজন রোগীর মধ্যে ১৩০ জনেরও বেশি মারা গেছেন।
প্রাদুর্ভাবের কারণে কঙ্গো রাজধানী কিনশাসায় তাদের প্রশিক্ষণ শিবির বাতিল করে বেলজিয়ামে স্থানান্তরিত হয়েছে। যেখানে ৩ জুন লিয়েজে ডেনমার্কের বিপক্ষে দলটির একটি প্রীতি ম্যাচ নির্ধারিত রয়েছে। এছাড়াও ৯ জুন দক্ষিণ স্পেনে চিলির বিপক্ষে কঙ্গোর একটি প্রীতি ম্যাচ রয়েছে।
বিডি প্রতিদিন/আরকে