নতুন কনটেন্ট নির্মাতাদের ইউটিউব থেকে আয় শুরু করার শর্ত আরও কঠোর করেছে ইউটিউব। দীর্ঘ ভিডিওর ক্ষেত্রে প্রয়োজনীয় ওয়াচ আওয়ার দ্বিগুণ করার পাশাপাশি শর্টস ভিডিওর ক্ষেত্রেও বাড়ানো হয়েছে ভিউয়ের লক্ষ্যমাত্রা।
নতুন নিয়ম অনুযায়ী, বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন থেকে আয় শুরু করতে হলে একজন ক্রিয়েটরকে আগের ১২ মাসে ৮ হাজার যোগ্য ওয়াচ আওয়ার অর্জন করতে হবে। অথবা ৯০ দিনের মধ্যে শর্টস ভিডিওতে পেতে হবে ২ কোটি যোগ্য ভিউ।
আগামী ১ ফেব্রুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর হবে। তবে যারা ইতোমধ্যে ইউটিউব পার্টনার প্রোগ্রামের (ওয়াইপিপি) আওতাভুক্ত, তাদের ক্ষেত্রে এ পরিবর্তন প্রযোজ্য হবে না।
এর আগে ইউটিউব থেকে আয় করতে একজন ক্রিয়েটরের অন্তত ১ হাজার সাবস্ক্রাইবার এবং আগের ১২ মাসে ৪ হাজার ঘণ্টা ওয়াচ আওয়ার প্রয়োজন হতো। শর্টসের ক্ষেত্রে ৯০ দিনের মধ্যে ১ হাজার সাবস্ক্রাইবারের পাশাপাশি ১ কোটি ভিউয়ের শর্ত ছিল।
শর্টস নির্মাতাদের জন্যও কঠোর শর্ত
শর্টস ক্রিয়েটরস পুল থেকে আয় করা নির্মাতাদের জন্যও নতুন শর্ত চালু করছে ইউটিউব। এ সুবিধা চালু রাখতে হলে ৯০ দিনের মধ্যে অন্তত ১ কোটি শর্টস ভিউ ধরে রাখতে হবে।
কোনো চ্যানেলের ভিউ নির্ধারিত সীমার নিচে নেমে গেলে সেটি ইউটিউব পার্টনার প্রোগ্রামে থাকবে এবং দীর্ঘ ভিডিও থেকে আয় চালিয়ে যেতে পারবে। তবে শর্টস থেকে আয় বন্ধ থাকবে। পরবর্তী সময়ে আবার ১ কোটি ভিউয়ের সীমা পূরণ করতে পারলে শর্টস থেকে আয় পুনরায় চালু হবে।
ইউটিউব জানিয়েছে, প্ল্যাটফর্মটির দ্রুত সম্প্রসারণের সঙ্গে তাল মিলিয়ে এসব পরিবর্তন আনা হয়েছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বর্তমানে ইউটিউব শর্টস প্রতিদিন ২০ হাজার কোটির বেশি ভিউ পায়। পাশাপাশি প্রতিদিন টেলিভিশনে ইউটিউবের কনটেন্ট দেখার সময় ছাড়িয়েছে ১০০ কোটি ঘণ্টা।
নতুন নির্মাতাদের জন্য বাড়ল বাধা
নতুন শর্তের কারণে বিশেষ করে শর্টসনির্ভর চ্যানেলগুলোর জন্য ইউটিউব থেকে আয় শুরু করা আরও কঠিন হয়ে উঠতে পারে। আয় করার যোগ্যতা অর্জনের আগে নির্মাতাদের নিয়মিতভাবে বড় দর্শকগোষ্ঠী তৈরি করতে হবে।
ফলে নতুন চ্যানেলের সংখ্যা কমে যেতে পারে, যেগুলো ইউটিউবের আয় ব্যবস্থায় প্রবেশের সুযোগ পাবে।
আরও পড়ুন
আরও পড়ুন পথ দেখানোর পাশাপাশি খাবার অর্ডার-হোটেল খোঁজা, গুগল ম্যাপে যুক্ত হচ্ছে নতুন যেসব সুবিধা

ইউটিউব প্রিমিয়াম লাইটের পরিধি বাড়ছে
আয়ের শর্ত কঠোর করার পাশাপাশি কম খরচের সাবস্ক্রিপশন সেবা ইউটিউব প্রিমিয়াম লাইট আরও বিস্তৃত করার ঘোষণা দিয়েছে ইউটিউব। যেসব দেশে ইউটিউব প্রিমিয়াম চালু রয়েছে, সেসব দেশের সবগুলোতেই ধীরে ধীরে প্রিমিয়াম লাইট চালু করা হবে।
সদস্যরা কতক্ষণ ও কতবার কনটেন্ট দেখছেন, তার ভিত্তিতে নির্মাতারা সাবস্ক্রিপশন আয়ের একটি অংশ পান। ইউটিউবের তথ্য অনুযায়ী, দীর্ঘ ভিডিও নির্মাতাদের জন্য এ আয়ের ৫৫ শতাংশ এবং শর্টস নির্মাতাদের জন্য ৪৫ শতাংশ বরাদ্দ থাকে।
ইউটিউব বলছে, প্রিমিয়াম লাইটের বিস্তারের ফলে নির্মাতারাও লাভবান হতে পারেন। কারণ সাধারণত কোনো দর্শক প্রিমিয়াম সেবায় যুক্ত হলে বিজ্ঞাপন দেখার তুলনায় সেই দর্শকের কাছ থেকে নির্মাতাদের আয় বেশি হয়।
প্রিমিয়াম লাইটে অধিকাংশ ভিডিও বিজ্ঞাপনমুক্ত দেখার পাশাপাশি অফলাইনে ভিডিও ডাউনলোড এবং ব্যাকগ্রাউন্ড প্লেব্যাকের মতো সুবিধাও রয়েছে।
অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমেও আয় নিয়ে পরিবর্তন
ইউটিউবের এই পরিবর্তনের সময় অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমও নির্মাতাদের আয় ব্যবস্থায় পরিবর্তন আনছে। ইলন মাস্কের মালিকানাধীন এক্স সম্প্রতি নির্মাতাদের অর্থ দেওয়ার নীতিমালায় পরিবর্তন এনে মৌলিক কনটেন্টকে বেশি গুরুত্ব দিয়েছে।
অন্যদিকে, ফেসবুকও নতুন একটি মনিটাইজেশন প্রোগ্রাম চালু করেছে। টিকটক ও ইউটিউবসহ অন্যান্য প্ল্যাটফর্মের নির্মাতাদের আকৃষ্ট করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
সূত্র: সামা টিভি অনলাইন