ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশন বসছে আজ। এর মধ্যে ১১ জুন সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যা এমপিদের আলোচনা শেষে ৩০ জুন পাস হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, চলতি অধিবেশনে বাজেট পাস ছাড়াও সংবিধান সংস্কারের বিষয়ে আলোচনা হতে পারে।

এদিকে বাজেট অধিবেশন ঘিরে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ অধিবেশন আহ্বানের পর থেকে এই প্রস্তুতি শুরু হয়। সূত্র জানায়, আজ বেলা ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ

অধিবেশন শুরু হবে। এর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত হবে। অধিবেশন সামনে রেখে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বেশ কিছু এলাকায় গতকাল থেকে আগ্নেয়াস্ত্র বহনসহ সব ধরনের শোভাযাত্রা-বিক্ষোভ ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। সংসদ সচিবালয়ের প্রকাশিত অধিবেশনের কার্যসূচি অনুযায়ী, প্রথম দিনে আজ অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলীর মনোনয়ন ও শোকপ্রস্তাব উত্থাপন করা হবে। এরপর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের প্রশ্নোত্তর তালিকাভুক্ত রয়েছে। এ ছাড়া ‘জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১)’-এর আওতায় প্রাপ্ত নোটিসগুলো নিষ্পত্তি করা হবে। এর বাইরে জ্বালানি বিষয়ে করণীয় নির্ধারণে গঠিত বিশেষ কমিটির রিপোর্ট উপস্থাপন করবেন কমিটির সভাপতি এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, চলতি অধিবেশনে বাজেট প্রস্তাবনা উত্থাপন ও পাস ছাড়াও সংবিধান সংস্কারের বিষয়ে আলোচনা হতে পারে। সংবিধান সংস্কারের লক্ষ্যে জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠনের কাজ শেষ করা হবে। এ ছাড়া সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠনের কাজ শেষ করতে চান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বাজেট আলোচনার আগেই কমিটি গঠনের কাজ শেষ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। উল্লেখ্য, চলতি জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ১২ মার্চ থেকে ২৫ কার্যদিবস অধিবেশন চলার পর ৩০ এপ্রিল শেষ হয়। এই অধিবেশনে মোট বৈঠক দিবস ছিল ২৫টি। অধিবেশনে মোট ৯৪টি বিল পাস হয়। আইন প্রণয়ন কার্যাবলি ছাড়াও প্রথম অধিবেশনে পাঁচটি স্থায়ী কমিটি এবং দুটি বিশেষ কমিটি গঠিত হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews