ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলায় অবৈধ থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও তাদের একটি টহল গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বেলা ১১টার দিকে নিমসার সবজি বাজারসংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ময়নামতী হাইওয়ে থানার একটি টহল দল মহাসড়কে চলাচলরত কয়েকটি অবৈধ থ্রি-হুইলার আটক করে। এ সময় ক্ষুব্ধ চালক ও তাদের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের কাজে বাধা দেন এবং একপর্যায়ে হামলা চালান। হামলাকারীরা পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং ব্যাপক ভাঙচুর চালান। ঘটনার সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, চার-পাঁচজন মিলে পুলিশের একটি গাড়িতে ভাঙচুর করছেন। কেউ গাড়ির ওপরে উঠে গ্লাস ভাঙছেন, কেউ সামনের অংশ খুলে নিচ্ছেন। এ সময় হাইওয়ে পুলিশের সদস্যরা দূরে দাঁড়িয়ে ছিলেন।
ময়নামতী হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমিন জানান, অবৈধ থ্রি-হুইলার আটকের পর ৩০-৩৫ জনের একটি সংঘবদ্ধ দল অতর্কিত পুলিশের ওপর হামলা চালায় এবং গাড়ি ভাঙচুর করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।