আল মাহমুদ
২৪ বছর পর আফ্রিকার মাটিতে ফিরছে বিশ্বকাপ ক্রিকেট। যৌথভাবে আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি ইতোমধ্যে ২০২৭ পুরুষ ওয়ানডে বিশ্বকাপের অফিসিয়াল ভেন্যু, নতুন টুর্নামেন্ট ফরম্যাট ও ব্র্যান্ড লোগো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে।

দল সংখ্যা বৃদ্ধি থেকে শুরু করে নতুন ফরম্যাট—সব মিলিয়ে এই বিশ্বকাপ আগের যেকোনো আসরের চেয়ে এক নতুন মাত্রা পেতে যাচ্ছে। তবে আয়োজনের আগে সবচেয়ে বেশি আলোচনায় আফ্রিকার সংস্কৃতিতে মোড়ানো এবারের অনন্য লোগোটি।

‘থ্রি নেশনস, ওয়ান হার্টবিট’ থিম নিয়ে এবারের লোগোর অলঙ্কার সজ্জা করা হয়েছে। যার মাধ্যমে বোঝানো হয়েছে তিনটি দেশ মিলে বিশ্বকাপ আয়োজন করছে; কিন্তু এর উন্মাদনা পৃথিবীর সকল ক্রিকেটপ্রেমীদের। যার মাধ্যমে খেলার যেকোনো মুহূর্ত পৃথিবীর সকল হৃদয়কে উদ্বেলিত করে রাখবে। এই থিমের মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের ক্রিকেটের আরো কাছে আসার এবং এই মহাযজ্ঞে যোগ দেয়ার আহ্বান জানানো হচ্ছে।

লোগোর দিকে তাকালে দেখা যায় অন্য বিশ্বকাপের লোগোর মতো মাঝে বিশ্বকাপ ট্রফি। কিন্তু তার চারদিকে ডিজাইন আফ্রিকার বুনো সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরার পাশাপাশি ক্রিকেটের পথে সারাবিশ্বকে আহ্বান করা হয়েছে। যেখানে আফ্রিকান ওয়্যার বোল/ঝুড়ি এবং উবুন্টু দর্শন উঠে এসেছে। মূলত লোগোটিতে পৃথিবীকে নির্দেশ করা হয়েছে।

উবুন্টু দর্শন নিয়ে একটু আলোচনা করা দরকার। কারণ এই দর্শনের ওপর ভিত্তি করে আইসিসি এবারের তাদের ক্যাম্পেইন থিম ‘মেক দ্য সার্কেল বিগার’ বা ‘বৃত্ত আরো বড় করো’ বিষয়টি এসেছে।

উবুন্টু আফ্রিকান লোকসংস্কৃতির সবচেয়ে গভীর ও সুচেতন দর্শনের নাম। যার অর্থ মানবিকতা, পারস্পরিক সহমর্মিতা ও অন্যের প্রতি সম্মান। এর মূলকথা ’আমি আছি, কারণ আমরা আছি’। মানে একজন মানুষ একা পূর্ণাঙ্গ নয়। সমাজের সবাই একে অপরের ওপর নির্ভরশীল। তাই অন্যের কল্যাণে কাজ করাও নিজের কল্যাণের অংশ। মূল কথা আমাদের স্কুলে পড়া স্টোরি ‘একতায় বল’, তারই আফ্রিকান দর্শন এটি।

আফ্রিকান সংস্কৃতি বিশ্বাস করে, কোনো মানুষ একা সুখী বা সফল হতে পারে না। একজনের হাসি যেমন পুরো সমাজের আনন্দ, তেমনি একজনের দুঃখও সবার। এই দর্শনে অহংকার, একক কর্তৃত্ব বা বিচ্ছিন্নতার কোনো স্থান নেই; আছে কেবল হাত ধরে একসাথে এগিয়ে যাওয়ার আহ্বান।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া—এই তিন দেশের সীমান্ত আলাদা হওয়া সত্ত্বেও ২০২৭ সালের বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে এক ছাদের নিচে আনতে চায় এই উবুন্টু দর্শনের শক্তিতেই। মাঠের ক্রিকেটে হয়তো কোনো এক দেশ ট্রফি জিতবে, কিন্তু আয়োজনের দিক থেকে আফ্রিকা পুরো বিশ্বকে শেখাতে চায় একতার পাঠ। তাই এই বিশ্বকাপের লোগো ও থিমে উবুন্টুকে এনে আয়োজকরা স্পষ্ট বার্তা দিয়েছে—প্রতিযোগিতা থাকবে মাঠে, কিন্তু মাঠের বাইরে জয় হবে কেবল মানবতা ও ঐক্যের।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews