টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল, যার জন্য ইতোমধ্যে দলও ঘোষণা করা হয়ে গেছে। ঘোষিত দলে জায়গা হয়নি দলটির সাবেক অধিনায়ক বাবর আজমের, যা অনেককেই বিস্মিত করেছে।
অন্যদিকে স্কোয়াডে রাখা হয়েছে ছয়জন অনভিষিক্ত ক্রিকেটারকে। তাদের নিয়ে আশা দেখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
চলমান বিশ্বকাপ আসরে বাবরের পারফরম্যান্স ছিল বেশ নীরব। ৬ ইনিংসে মাত্র ৯১ রান করেছেন তিনি, গড় ছিল ২২.৭৫ এবং তার স্ট্রাইক রেটও টি-টোয়েন্টির মানদণ্ডে তার মতো অভিজ্ঞ ক্রিকেটারের হিসেবে তেমন সন্তোষজনক ছিল না। তবে সবশেষ ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে একটি সেঞ্চুরিসহ মোট ১৬৫ রান করেছিলেন তিনি।
বিশ্বকাপে সুপার এইট পর্ব থেকে বিদায় নেওয়ার পর বাংলাদেশ সফরের জন্য স্কোয়াডে বড় ধরনের পরিবর্তন এনেছে পাকিস্তান। নতুন দলে অভিষেকের অপেক্ষায় থাকা ছয় ক্রিকেটার হলেন—আব্দুল সামাদ, মাজ সাদাকাত, মোহাম্মদ ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান এবং শ্যামল হুসেইন।
বাবর আজমকে দলে না রাখার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক তারকা ব্যাটার মোহাম্মদ ইউসুফ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমের অন্তর্ভুক্তি অবাক করার মতো ছিল। কিন্তু এখন যদি তাকে বাদ দেওয়াটা কেবল বিশ্রামের ঘটনা না হয়, তাহলে তা মাথায় ঘুরপাক খাচ্ছে। এই অর্থহীন সিদ্ধান্তগুলো কে নিচ্ছে?’
পাকিস্তান দল আগামী ৮ মার্চ বাংলাদেশে পৌঁছাবে। ১০ মার্চ অনুশীলনের পর ১১, ১৩ ও ১৫ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে মিরপুরের স্টেডিয়ামে।
বাংলাদেশ সফরে পাকিস্তানের ওয়ানডে দল: শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ ঘোরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আঘা এবং শ্যামল হুসেইন।