সরকারি চাকরিতে কোটাবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমেই হাসিনার পতন শুরু হয়। এই আন্দোলনের জবাবে তাঁর সরকার এক নৃশংস ও রক্তক্ষয়ী দমন-পীড়ন চালায়, যা আন্দোলনকে আরও বেগবান করে এবং আরও বেশি মানুষকে রাস্তায় নামিয়ে আনে।
বিক্ষোভ দ্রুত দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং সেনাবাহিনী যখন বিক্ষোভকারীদের ওপর গুলি চালাতে অস্বীকার করে, তখন এটি পরিষ্কার হয়ে যায়, হাসিনার শাসনের দিন শেষ।
২০২৪ সালের আগস্টে শিক্ষার্থীরা শেখ হাসিনার সরকারি বাসভবনে ঢুকে পড়েন, দেয়াল ভেঙে ফেলেন এবং ভেতরের জিনিসপত্র লুটপাট করেন। এই আন্দোলনে তিনি প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যেতে বাধ্য হন।
গত নভেম্বরে ঢাকার একটি আদালত সেই অস্থিরতার সময় সংঘটিত অপরাধের জন্য হাসিনার অনুপস্থিতিতেই তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন। জাতিসংঘের মানবাধিকার অফিসের মতে, সেই সময় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিলেন।
বাংলাদেশ এখন হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানাচ্ছে, যাতে তাঁর কৃতকর্মের বিচার করা যায়। অবশ্য হাসিনা দাবি করছেন, তিনি নির্দোষ। এই পরিস্থিতিতে হাসিনা এখন দুই দেশের মধ্যে সম্পর্কে অচলাবস্থার অন্যতম ‘ঘুঁটিতে’ পরিণত হয়েছেন। আসন্ন জাতীয় নির্বাচনে তাঁর দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে।