কুমিল্লার মুরাদনগরে পূর্বশত্রুতার জেরে রাশিদা বেগম (৪২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্ব ধইর পশ্চিম ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাশিদা বেগম মহেশপুর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহেশপুর গ্রামে দীর্ঘদিন ধরে খোরশেদ আলম ও ইউপি সদস্য রহিম সরকার গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি রহিম সরকার গ্রুপের সদস্য মাওলা সরকার হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি দেলোয়ার হোসেনের স্ত্রী রাশিদা বেগম বৃহস্পতিবার তার পালিত সাতটি গরু নিতে এলাকায় আসেন। অভিযোগ রয়েছে, গরুগুলো একটি পিকআপভ্যানে করে নিয়ে যাওয়ার সময় রহিম সরকার গ্রুপের সামাদ, রশিদ, শিরিনাসহ ১৫-২০ জনের একটি দল গাড়ির গতিরোধ করে রাশিদাকে নামিয়ে বেধড়ক মারধর করে। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে আসা তার দুই মেয়েকেও মারধর করা হয়।

পুলিশ রাশিদা বেগমকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের মামা সালাউদ্দিন অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে তার ভাগনিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

বিডি প্রতিদিন/কেএইচটি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews