বিসিবির অ্যাডহক কমিটি থেকে তামিম ইকবাল পদত্যাগ করবেন- এমন গুঞ্জন কয়েক দিন ধরে ক্রিকেট মহলে ভাসছিল। কেননা সামনের জুনে ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটির যে নির্বাচন হবে সেখানে তিনি সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। বিতর্ক এড়াতে তাই অ্যাডহক কমিটির সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন তিনি। অথচ তামিম জানালেন, এ ধরনের কোনো সম্ভাবনা নেই। গতকাল মিরপুরে সংবাদ সম্মেলনে বর্তমান বিসিবির সভাপতি তামিম বলেন, ‘পদত্যাগের কথা আমি ব্যক্তিগতভাবে চিন্তা করিনি, আমি অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন করব। গঠনতন্ত্রে যেটা অনুমোদন দেবে, আমি সেটাই অনুসরণ করব। অ্যাডহক কমিটি থেকে পদত্যাগ করার কথা চিন্তাই করিনি।’ রবিবার বিসিবির সভায় নির্বাচনের তারিখ ঠিক হতে পারে। এবারের নির্বাচন যেকোনো সময়ের চেয়ে স্বচ্ছ হবে এমনটিই জানালেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তামিম বলেন, ‘প্রথম দিন থেকেই আমি বলে আসছি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। ফেয়ার ইলেকশন নিয়ে আমরা এত কথা বলেছি, আমি এতটুকু আশা করি আমাদের অধীনে ইনশাআল্লাহ ফেয়ার ইলেকশন হবে।’ গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করা হয়। ১১ সদস্যের সেই অ্যাডহক কমিটির সভাপতি করা হয় তামিমকে। তাঁর মূল দায়িত্ব হচ্ছে ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়া।
অর্থাৎ ৬ জুনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচন করলে তামিম সভাপতি প্রার্থী হবে এ নিয়ে সংশয় নেই। তবে তিনি ছাড়া আর কে সভাপতি পদে লড়বেন সেটাই দেখার বিষয়। শোনা যাচ্ছে তামিমই যে নির্বাচিত কমিটির সভাপতি হবেন তা নাকি অনেকটা নিশ্চিত। হাওয়া এখন তাঁরই অনুকূলে।