স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের পোশাক শিল্পের প্রসারে যে উদ্যোগ নিয়েছিলেন, আজ সেই উদ্যোগের ধারাবাহিকতায় পোশাক শিল্পই বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হয়ে দাঁড়িয়েছে।

‘আরএমজি ৩৬০ ডিগ্রি: চ্যালেঞ্জ অ্যান্ড অপরচুনিটি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১৭ জুলাই) বিকালে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজারস অ্যাসোসিয়েশন (বাগমা) আয়োজিত ‘বাগমা অ্যানুয়াল প্রোগ্রাম ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় শক্তি তাদের উদ্ভাবনী ক্ষমতা ও কঠোর পরিশ্রমের মানসিকতা। সঠিক পরিকল্পনা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করা গেলে এ দেশের মানুষ যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। আর এমনটি বুঝেছিলেন বলেই শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম এই খাতকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছিলেন।

তিনি বলেন, বিগত সরকারের সময়ে শিল্প খাতে নানা ধরনের সমস্যা ও অনিয়ম সৃষ্টি হয়েছে। বর্তমান সরকার শিল্প ও অর্থনীতিকে গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আশা করি, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে তা শিগগিরই বাস্তবায়িত হবে।

অনুষ্ঠানে যমুনা গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) আব্দুল হাকিম বলেন, দেশের পোশাক শিল্পের টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, বাগমা দক্ষ জেনারেল ম্যানেজার তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হবে বলে আমরা আশা করি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) সভাপতি আব্দুল হামিদ পিন্টু, বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল এবং বিজিএমইএর প্রতিনিধি ও ইমপ্রেস নিউটেক্সের পরিচালক নাসির উদ্দৌলা প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমানে শিল্প খাতের সবচেয়ে বড় সংকট গ্যাস। এর কারণে শিল্পকারখানাগুলো নানাভাবে সমস্যার মুখোমুখি হচ্ছে। তবে সামনের চ্যালেঞ্জ মোকাবিলায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে অনেক সমস্যার সমাধান সম্ভব হবে।

এর আগে বিকাল ৪টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বাগমার প্রধান উপদেষ্টা ওমর ফারুক সিদ্দিকী। সাধারণ সম্পাদক ও বাগমা ইনস্টিটিউটের চেয়ারম্যান পারভেজ লাবু এবং সিনিয়র সহসভাপতি মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. জোবায়ের পারভেজ। অনুষ্ঠানে বিদেশি কূটনীতিক, দেশের শীর্ষস্থানীয় পোশাক শিল্পপ্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews