জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ক্লড (Claude)-এর শত শত ব্যবহারকারীর ব্যক্তিগত চ্যাট হিস্ট্রি অনলাইনে উন্মুক্ত হয়ে পড়ার ঘটনা সামনে এসেছে। এতে গুগলসহ বিভিন্ন সার্চ ইঞ্জিনের মাধ্যমে এসব চ্যাটে প্রবেশ করা সম্ভব হচ্ছিল, যা ব্যবহারকারীদের গোপনীয়তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

জানা গেছে, ব্যবহারকারীরা অন্যদের সঙ্গে কথোপকথন ভাগ করে নিতে ‘শেয়ার’ লিংক তৈরি করলে সার্চ ইঞ্জিনের স্বয়ংক্রিয় ক্রলার সেসব লিংক ইনডেক্স করে ফেলে। এর ফলে সাধারণ সার্চের মাধ্যমেই অনেক শেয়ার করা চ্যাট খুঁজে পাওয়া যাচ্ছিল। বিষয়টি প্রথম নজরে আনেন সামাজিক যোগাযোগমাধ্যম রেডিট-এর কয়েকজন ব্যবহারকারী।

বিবিসি-র প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশ্যে চলে আসা চ্যাটগুলোর মধ্যে ছিল নানা ধরনের সংবেদনশীল তথ্য। এর মধ্যে ব্যক্তিগত জীবনবৃত্তান্ত (সিভি), যেখানে নাম, মোবাইল নম্বর ও ঠিকানাসহ ব্যক্তিগত তথ্য ছিল। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানের গোপন প্রকল্প-সংক্রান্ত নথি, গবেষণার তথ্য এবং এআইকে করা বিভিন্ন ব্যক্তিগত, অদ্ভুত বা মজার প্রশ্নও প্রকাশ্যে চলে আসে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর গুগল ও ক্লডের নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক দ্রুত পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্ট চ্যাট লিংকগুলো সার্চ ফলাফল থেকে সরিয়ে ফেলে। অ্যানথ্রোপিকের দাবি, ব্যবহারকারীরা স্বেচ্ছায় শেয়ার লিংক তৈরি করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে সমালোচকদের অভিযোগ, লিংক তৈরির সময় ব্যবহারকারীদের স্পষ্টভাবে জানানো হয়নি যে এসব লিংক সার্চ ইঞ্জিনেও ইনডেক্স হতে পারে।

এর আগে ওপেনএআই-এর চ্যাটজিপিটি (ChatGPT) এবং এক্স (X)-এর গ্রক (Grok) চ্যাটবটের ক্ষেত্রেও একই ধরনের গোপনীয়তা-সংক্রান্ত ঘটনা ঘটেছিল। তাই প্রযুক্তি বিশেষজ্ঞদের পরামর্শ, কৃত্রিম বুদ্ধিমত্তার প্ল্যাটফর্ম ব্যবহার করার সময় ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের গোপন তথ্য শেয়ার করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews