স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে বিজয়ী করার লক্ষ্যে এবং স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে ফরিদপুর-১ আসনে আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামকে সমর্থন জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমান দোলন।
রবিবার রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী পরিচালনা অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এছাড়াও ফরিদপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামও উপস্থিত ছিলেন।
দোলন বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে। নীতির প্রশ্নে আমি আপস করিনি, করবও না। তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, যারা ইনসাফের কথা বলেন, তারাই অনেক সময় বে-ইনসাফি কাজ করেন।
তিনি আরও জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভোট বিভক্ত না করে জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করাই এখন সময়ের দাবি। সেই বিবেচনায় তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
দোলনের এ সমর্থনকে স্বাগত জানিয়ে বলেন, ফরিদপুর-১ আসনের মানুষ পরিবর্তন চায়। আমরা ঐক্যবদ্ধভাবে সে লক্ষ্যেই কাজ করবো।
এসময় দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে। আজকে দেশের মানুষ একটি উৎসবমুখর নির্বাচনের প্রতীক্ষায় রয়েছে। দোলনের এ সিদ্ধান্ত আমাদেরকে বিশেষ করে ফরিদপুরে নতুন মেরুকরণ সৃষ্টি হবে এবং ধানের শীষের বিজয়কে আরও সুনিশ্চিত করবে।