বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেওয়া ক্যাপ্টেনস কার্ড নিয়ে চরম অসন্তোষ জানিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তাপস বৈশ্য। অধিনায়কদের কার্ড দিয়ে অধিনায়ক এবং অধিনায়ক নন এমন ক্রিকেটারদের মধ্যে বৈষম্য তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।
নিজের ফেসবুক পোস্টে চরম ক্ষোভ ও হতাশা উগড়ে দেন তিনি। যদিও পরবর্তীতে সেই পোস্ট মুছে ফেলেন।
সিলেটের এই সাবেক ক্রিকেটার লিখেছেন, ‘এই যুগের বৈষম্য! আগে থেকেই খেলা দেখতে অধিনায়কদের জন্য এসি বক্স আর অন্য জাতীয় দলের সতীর্থদের জন্য সাধারণ গ্যালারি! আর এখন তো কার্ড! একদিন ভিডিও করে সবাইকে বলবো, এই যুগেও কেমন বৈষম্য হয়!’
দেশের হয়ে ২১টি টেস্ট ও ৫৬টি ওয়ানডে খেলা তাপসের দাবি, ‘অধিনায়করা রাজা আর অন্যরা প্রজা! অধিনায়ক হলেই তুমি চৌধুরী, আর অন্য সতীর্থরা? খেলে তো সবাই মিলে ১১ বা ১৪ জন। খেলা ছেড়ে দেওয়ার পর সবাই জাতীয় খেলোয়াড়!’
অধিনায়কদের কাউকে কাউকে আনকোরা হিসেবে অভিহিত করেন তাপস। এ সময় সদ্য বিসিবিতে কোচ হিসেবে নিয়োগ পাওয়া সাবেক স্পিনার মোহাম্মদ রফিকের প্রসঙ্গ টেনে লিখেছেন, 'রফিক ভাইয়ের মতো জনপ্রিয় খেলোয়াড় কয়জন অধিনায়ক আছেন। রফিক ভাই বসবেন সাধারণ গ্যালারিতে আর আনকোরা অধিনায়ক এসি বক্সে।'
ফেসবুক পোস্টে ক্যাপ্টেন'স কার্ডধারীদের 'বাংলা সিনেমার চৌধুরী' বলেও অভিহিত করেন তিনি। তাপস লিখেন, 'অধিনায়কদের হেলথ ইনসুরেন্স দরকার, আর অন্য সতীর্থদের? এই বৈষম্যের কারণে আমি নিজেকে জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় হিসেবে পরিচয় দিতেই লজ্জা বোধ করছি। এই যুগে এটা চরম বৈষম্য।
বিডি-প্রতিদিন/এআইডি