২০৩০ সালের বিশ্বকাপে ৬৪টি দল অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরুর ঘোষণার পর ফিফার বিরুদ্ধে ‘দায়িত্বজ্ঞানহীন’ আচরণের অভিযোগ তুলেছেন স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস।

মঙ্গলবার (২১ জুলাই) ইতালির একটি ক্রীড়া দৈনিকে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

তেবাস আরো বলেন, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সময় শেষ হয়ে গেছে।

লা গাজ্জেত্তা দেলো স্পোর্টস পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এমন একটি মৌলিকভাবে ত্রুটিপূর্ণ ব্যবস্থা রয়েছে, যার কারণেই ইনফান্তিনো টানা এক দশক ধরে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্ব দিয়ে যেতে পেরেছেন।

তেবাস বলেন, ‘ফুটবল শিল্প শুধু বিশ্বকাপকে ঘিরে নয়, সেটি যত গুরুত্বপূর্ণই হোক না কেন।’

তিনি বলেন, ‘মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্ট, যেখানে অল্পসংখ্যক খেলোয়াড় অংশ নেয়, সেটির জন্য তারা পুরো ফুটবল শিল্পকে ধ্বংস করছে। অথচ এই শিল্প হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে।’

গত জুনে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ইনফান্তিনো ২০৩০ সালের বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে টুর্নামেন্টটি ৬৪ দলে সম্প্রসারণের বিষয়ে আলোচনা চলছে বলে উল্লেখ করেন।

২০৩০ সালের বিশ্বকাপের মূল আয়োজক হবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। এছাড়া প্যারাগুয়ে, উরুগুয়ে এবং আর্জেন্টিনাতেও কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

তেবাস বলেন, ‘প্রতিযোগিতার সূচি নিয়ে আমরা বারবার উদ্বেগ জানিয়েছি। আর এখন তারা ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন করতে চায়। এই খেলাটিকে সচল রাখে দেশীয় লিগগুলো। আমাদের প্রয়োজন কমসংখ্যক জাতীয় দল এবং সব স্তরে দেশীয় ফুটবলের জন্য আরো ভালো সুরক্ষা। তারা বিষয়টি বুঝতে পারছে না এবং দায়িত্বজ্ঞানহীনভাবে সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে।’ সূত্র : বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews