ভিডিও গেমপ্রেমীদের বহুল প্রতীক্ষিত ‘জিটিএ ৬’-এর নতুন বিশেষ ঝলক প্রকাশের ঘোষণা দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস। আগামী ২৭ আগস্ট প্রথমে নেটফ্লিক্সে এটি প্রকাশ করা হবে। পরে রকস্টারের নিজস্ব ভিডিও চ্যানেল ও ওয়েবসাইটেও তা প্রকাশের কথা রয়েছে।
তবে বাংলাদেশের ভক্তদের জন্য রয়েছে হতাশার খবর। নেটফ্লিক্সের বাংলাদেশি সংস্করণে এই বিশেষ ভিডিওটি দেখার সুযোগ থাকছে না। ফলে নতুন গেমটির বিস্তারিত ঝলক দেখতে আগ্রহী বাংলাদেশি দর্শকদের অপেক্ষা করতে হবে অন্য মাধ্যমে প্রকাশের জন্য।
রকস্টার জানিয়েছে, ২৭ আগস্ট যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৩টায় নেটফ্লিক্সে বিশেষ ভিডিওটি প্রকাশ করা হবে। এরপর কয়েক ঘণ্টার মধ্যে রকস্টারের নিজস্ব মাধ্যমগুলোতেও এটি উন্মুক্ত করা হবে।
নতুন এই বিশেষ ভিডিওতে গেমটির আরও কিছু দৃশ্য ও বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে ধারণা করা হচ্ছে। গেমপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই এটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
এদিকে ‘জিটিএ ৬’ গেমটি আগামী ১৯ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। দীর্ঘ অপেক্ষার পর গেমটির মুক্তিকে ঘিরে বিশ্বজুড়ে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে।