ডিজিটাল নিরাপত্তায় শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে মাদারীপুরের শিবচর উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সাইবার নিরাপত্তা বিষয়ক এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বসুন্ধরা শুভসংঘ শিবচর শাখার আয়োজনে বাখরের কান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, কর্মশালায় শিক্ষার্থীদের মধ্যে ইন্টারনেট ব্যবহারের ঝুঁকি, ব্যক্তিগত তথ্য সুরক্ষা এবং সাইবার অপরাধ থেকে বাঁচার বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে পাসওয়ার্ড সুরক্ষা, ওটিপি গোপন রাখা, ফেক আইডি শনাক্ত করা এবং অনলাইন প্রতারণা থেকে নিজেকে রক্ষা করার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।
এছাড়া কর্মশালায় শিক্ষার্থীদের অংশগ্রহণে “ফেক বনাম আসল” শনাক্তকরণ গেম, পাসওয়ার্ড তৈরির প্রতিযোগিতা এবং স্ক্যাম মেসেজ চেনার কার্যক্রম পরিচালিত হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সচেতনতা মূলক সাড়া ফেলে।
বসুন্ধরা শুভসংঘ শিবচর শাখার সাধারণ সম্পাদক এস.এম. দেলোয়ার হোসাইন বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীরা স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠছে। কিন্তু যথাযথ সচেতনতার অভাবে তারা নানা ধরনের সাইবার ঝুঁকির সম্মুখীন হচ্ছে। তাই ছোটবেলা থেকেই তাদের এ বিষয়ে সঠিক ধারণা দেওয়া জরুরি। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাখরের কান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাখাওত হোসেন বলেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত আয়োজন করা হলে শিক্ষার্থীরা প্রযুক্তির সঠিক ব্যবহার শিখবে এবং নিরাপদ ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে উঠবে।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিউর রহমান, মো. লিটন খান, বসুন্ধরা শুভসংঘের সহ-সাংগঠনিক সম্পাদক ইশরাকুর রহমান, আলমগীর হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আরফিন মোহাম্মদ সজিব, নূর মোহাম্মদ, বাদল আকন প্রমুখ।
বিডি-প্রতিদিন/তানিয়া