স্পেনের ঘরোয়া ফুটবল লিগ লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয়ের পর শিরোপা লড়াই নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া। লিগের বাকি ম্যাচগুলোকে তিনি ‘একেকটি যুদ্ধ’ হিসেবে অভিহিত করে নিজের দলের আত্মবিশ্বাসের কথা জানান।

বর্তমানে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে শিরোপা দৌড় জমিয়ে তুলেছে মাদ্রিদের ক্লাবটি।

লিগ টেবিলের সমীকরণ অনুযায়ী, ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা পরবর্তী ম্যাচে জিতলে ব্যবধান আরও বাড়াতে পারে। তবে এখনই হাল ছাড়তে নারাজ আরবেলোয়া। তিনি বলেন, ‘লিগের পথচলা এখনো অনেক বাকি এবং অনেক পয়েন্টের খেলা এখনো অবশিষ্ট রয়েছে। আমার মনে হচ্ছে লিগ যেন এখন শুরু হলো, প্রতিটি ম্যাচই এখন আমাদের কাছে একেকটি যুদ্ধ।’

সেল্তা ভিগোর মাঠ বালাইদোস স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটে অরেলিয়েন চৌমেনির গোলে এগিয়ে যায় রিয়াল। তবে ১৪ মিনিটে বোরহা ইগলেসিয়াস গোল করে সমতা ফেরালে চাপে পড়ে যায় আরবেলোয়ার শিষ্যরা। নির্ধারিত সময় পার হয়ে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ফেদেরিকো ভালভার্দে জয়সূচক গোলটি করলে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত হয় রিয়ালের। শেষ মুহূর্তের এই জয়কে ক্লাবের ঐতিহ্যের অংশ বলে দাবি করেন কোচ।

দলের লড়াকু মানসিকতা নিয়ে আরবেলোয়া বলেন, ‘শেষ পর্যন্ত লড়াই করা এবং বিশ্বাস ধরে রাখা রিয়াল মাদ্রিদের চিরচেনা পরিচয়। আমরা আরও ভালো ফুটবল খেলার সক্ষমতা রাখি। তবে আজ দল যে চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে, আশা করি সেটিই আমাদের ঘুরে দাঁড়ানোর মূল শক্তি হবে।’ তিনি বিশ্বাস করেন, এখান থেকেই লিগের বাকি পথটুকু অনেক আত্মবিশ্বাসের সঙ্গে পাড়ি দিতে পারবে তার দল।

এদিকে গুরুত্বপূর্ণ এই জয়ের দিনে চোটের কবলে পড়েছেন কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো এবং জুড বেলিংহামের মতো তারকারা। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগে এই চোট চিন্তায় ফেলেছে রিয়াল শিবিরকে। আরবেলোয়া জানান, ম্যানসিটির বিপক্ষে কঠিন পরীক্ষার আগে এই জয় দলের মানসিকতায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং আগামী দিনের পথ চলাকে সহজ করবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews