রাখিবন্ধন উপলক্ষে একটি গয়না প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অভিনয় করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। বিজ্ঞাপনটির পোশাক ও পোষা কুকুরকে রাখি পরানোর দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছেন নেটিজেনদের একাংশ।



বিজ্ঞাপনে কৃতিকে অফ-হোয়াইট রঙের ব্রালেটধর্মী ব্লাউজ, কেপ ও ড্রেপড স্কার্টে দেখা যায়। প্রথমে তিনি ভাইয়ের হাতে রাখি পরান। এরপর নিজের পোষা কুকুরকেও রাখি পরানোর দৃশ্য দেখানো হয়েছে। পোষা প্রাণীকে পরিবারের সদস্য হিসেবে তুলে ধরাই ছিল বিজ্ঞাপনটির অন্যতম ভাবনা।



তবে বিজ্ঞাপন প্রকাশের পর কৃতির পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। সমালোচকদের একাংশের মতে, ভাই-বোনের সম্পর্ক ও পারিবারিক আবেগকে কেন্দ্র করে উদ্‌যাপিত রাখিবন্ধনের বিজ্ঞাপনে এমন আধুনিক পোশাক মানানসই নয়। বিজ্ঞাপনে প্রচলিত উৎসবের আবহ ও উপকরণ কম থাকায় এর উপস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।

পোষা কুকুরকে রাখি পরানোর বিষয়টিও বিতর্কের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। সমালোচকদের দাবি, রাখিবন্ধনের মূল বিষয় ভাই-বোনের সম্পর্ক। অন্যদিকে কৃতির সমর্থক ও পশুপ্রেমীদের কেউ কেউ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখেছেন। তাঁদের মতে, বর্তমানে অনেকেই পোষা প্রাণীকে পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করেন, তাই বিজ্ঞাপনে সেই আবেগ তুলে ধরা হয়েছে।



বিতর্কের মধ্যেও এখন পর্যন্ত কৃতি শ্যানন বিজ্ঞাপনটি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। সংশ্লিষ্ট ব্র্যান্ডের পক্ষ থেকেও বিজ্ঞাপন প্রত্যাহার, পরিবর্তন বা সমালোচনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।



এদিকে বিতর্ক চলার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ছবি ও ভিডিও প্রকাশ করেছেন কৃতি। তবে সেসব পোস্টে রাখিবন্ধনের বিজ্ঞাপন নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews