আগামী দু মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং পাকিস্তানকে আতিথ্য দেবে ওয়েস্ট ইন্ডিজ। দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, জ্যামাইকার কিংস্টনের সাবিনা পার্কে ৩ থেকে ১৪ জুনের মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানেড ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ক্যারিবীয়রা।
এরপর ২৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত দুটি টেস্ট ম্যাচ খেলবে তারা। অন্যদিকে ১১ থেকে ২১ জুলাইয়ের মধ্যে গায়ানার ন্যাশনাল স্টেডিয়ামে পাঁচ ম্যাচের ওয়ানেডে সিরিজ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম তিনটি ওয়ানডে গায়ানার ন্যাশনাল স্টেডিয়াম এবং শেষ দুটি ওয়ানডে বার্বাডোজের কেনসিংটন ওভালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এরপর দুটি টেস্ট খেলতে ক্যারিবিয়ান সফরে যাবে পাকিস্তান। দ্বিপাক্ষিক সিরিজের মধ্যে ২৫ থেকে ২৯ জুলাই প্রথম টেস্ট এবং ২ থেকে ৬ আগস্ট দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।
শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচগুলো আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হবে, যেখানে চলমান ২০২৫-২৭ চক্রে আটটি ম্যাচের মধ্যে সাতটিতে হেরে ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে সবার নবম অবস্থানে রয়েছে। মূলত নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ম্যাচের সবকটি গায়ানায় আয়োজন করার কথা ছিল। কিন্তু কারিগরি চ্যালেঞ্জ এর কারণে পরিবর্তন আনতে হয়েছে।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী ক্রিস ডেহরিং এক বিবৃতিতে বলেন, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ পাঁচটি ওয়ানডে আয়োজনের সঙ্গে সম্পর্কিত লজিস্টিক চ্যালেঞ্জগুলো নিয়ে কো-অপারেটিভ রিপাবলিক অফ গায়ানার সরকারের সঙ্গে আলোচনায় বসেছে। পরবর্তীতে গায়ানা ও বার্বাডোস সরকার দুটি অঞ্চলের মধ্যে ম্যাচগুলো এবং এর সঙ্গে সম্পর্কিত পরিচালন ব্যয় ভাগ করে নেওয়ার জন্য একটি সহযোগিতামূলক ব্যবস্থার প্রস্তাব দেয়।
বৃহত্তর ক্যারিবিয়ান সম্প্রদায়ের জন্য একটি সফল ও স্মরণীয় সিরিজ আয়োজনের ধারাবাহিক অঙ্গীকারের অংশ হিসেবে সিরিজগুলো আয়োজন করা হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/আরকে