বাংলাদেশ ক্রিকেট দলের ড্রেসিংরুমেও এখন বিশ্বকাপের উত্তাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের আবহ ছড়িয়ে পড়েছে টাইগার শিবিরেও। আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকরাই বেশি।

অনুশীলনে, টিম বাসে, হোটেলের ডাইনিংয়ে কিংবা ড্রেসিংরুমে সুযোগ পেলেই শুরু হয় খোঁচাখুঁচি, তর্ক। কেউ লিওনেল মেসির জাদুর গল্প শোনান, কেউ ব্রাজিলের পাঁচ বিশ্বকাপ জয়ের গৌরব সামনে আনেন। ক্রিকেট মাঠের সতীর্থরা ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী শিবিরে বিভক্ত। সবচেয়ে মজার দৃশ্য দেখা যায় অধিনায়কদের আড্ডায়। টি ২০ অধিনায়ক লিটন দাস, টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ মুশফিকুর রহিম আর্জেন্টিনার সমর্থক। তাদের বিশ্বাস, ফুটবলের শিল্প এখনো মেসির পায়ে সুন্দরভাবে বেঁচে আছে।

ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ব্রাজিল ভক্ত। মজা করে তাকে বলা হয়েছিল, ‘আপনি তো একা পড়ে গেলেন। অন্য দুই অধিনায়ক তো আর্জেন্টিনার সমর্থক!’ মিরাজ সঙ্গে সঙ্গে জবাব ছুড়ে দেন, ‘আমি একা পড়ে গেছি কে বলেছে? আমার সঙ্গে বিসিবি সভাপতিও তো ব্রাজিলের সমর্থক!’ মানে তামিম ইকবাল। ব্রাজিলের প্রতি তার সমর্থনের কথা সবারই জানা। ব্রাজিল সমর্থক তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন এবং মোস্তাফিজুর রহমানও।

আর্জেন্টিনা ভক্তদের আত্মবিশ্বাস অবশ্য একটু বেশি। ২০২২ বিশ্বকাপ জয়ের স্মৃতি, মেসির ম্যাজিক আর ধারাবাহিক সাফল্যের গল্প শুনিয়ে তারা প্রায়ই ব্রাজিলপন্থিদের কোণঠাসা করে ফেলেন। সেই দলে আছেন তরুণ লেগ-স্পিনার রিশাদ হোসেনও।

তবে সবচেয়ে মজা হয় হয়তো লিটন দাসের ঘরে। তার স্ত্রী ব্রাজিলের সমর্থক। পরিবারে তাই দুই পক্ষ। ঠান্ডা যুদ্ধ চলে নিয়মিত। মেয়েকে কোন দলে নেওয়া হবে, তা নিয়েও নাকি লড়াই হয়! হাসতে হাসতে লিটন বলেন, ‘অবশ্যই আমি আর্জেন্টিনার সমর্থক। আরেকটি শিরোপা মেসির হাতে দেখতে চাই। সেটা থেকে খুব বেশি দূরে নেই আমরা।’

বাংলাদেশ ক্রিকেটে আর্জেন্টিনা সমর্থকদের আধিপত্য নতুন নয়। এটি দীর্ঘদিনের ঐতিহ্য। দেশের ক্রিকেটের ‘পঞ্চপাণ্ডব’-এর মধ্যে একমাত্র তামিম ইকবাল ছাড়া বাকি চারজনই আর্জেন্টিনার ভক্ত। মাশরাফি মুর্তজা দিয়েগো ম্যারাডোনার অন্ধ ভক্ত। মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম আবার মেসির জাদুতে মুগ্ধ।

সাকিব আল হাসানকে নিয়ে আলাদা গল্প আছে। অনেকের বিশ্বাস, ক্রিকেটার না হলে হয়তো তিনি ফুটবলার হতেন। ফুটবলের প্রতি নিজের ভালোবাসার কথা একাধিকবার বলেছেন। মাঠে তার পায়ের কাজ দেখেও সেই বিশ্বাস আরও জোরালো হয়। তিনিও এবার খেলা দেখবেন যুক্তরাষ্ট্রে বসে, সমর্থন দেবেন আর্জেন্টিনা দলকে।

তবে টাইগার শিবিরে ব্যতিক্রমও আছে। তরুণ পেসার নাহিদ রানা পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত। যদিও তিনি নির্দিষ্ট কোনো দলকে সমর্থন করেন না। বাংলাদেশ দলে ফুটবলযুদ্ধ জমে উঠেছে। অনুশীলনের ফাঁকে স্লেজিং, ম্যাচের আগে ভবিষ্যদ্বাণী, হার-জিত নিয়ে ঠাট্টা-সব মিলিয়ে ড্রেসিংরুমে তৈরি হয় প্রাণচাঞ্চল্য। ক্রিকেটের চাপ আর ব্যস্ততার মাঝেও ফুটবল যেন টাইগারদের কাছে এক টুকরো আনন্দের জায়গা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews