ঈদযাত্রার শেষ দিন আজ। রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর। এরই মধ্যে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছেড়েছে লাখ লাখ মানুষ। এবারের ঈদে দীর্ঘ ছুটি থাকায় আগেভাগেই রাজধানী ছেড়েছে নগরবাসী। ফলে ঈদযাত্রার শেষ দিনে যাত্রী সংকটে ভুগছে দূরপাল্লার বাস কাউন্টারগুলো।

মাঝেমধ্যে বাস কাউন্টারগুলোতে হাতেগোনা কিছু যাত্রীর দেখা মিলতেই পরিবহন শ্রমিকদের হাঁকডাক আর টিকিট বিক্রি করতে ছুটে আশা পরিবহন সংশ্লিষ্টদের আতিথেয়তা জানান দিচ্ছে কাউন্টারগুলোতে কদর বেড়েছে দূরপাল্লার যাত্রীদের। এ অবস্থায় আসন ফাঁকা রেখেই কিছু বাস ছেড়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কল্যাণপুরের বাস কাউন্টারগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, কল্যাণপুর বাস কাউন্টারগুলোতে যাত্রীর অপেক্ষায় সময় কাটাচ্ছেন কাউন্টার মাস্টাররা। কাউন্টারের সামনেই হাঁকডাক ছেড়ে যাত্রী ডাকছেন পরিবহন শ্রমিকেরা। মাঝেমধ্যে হাতেগোনা কিছু যাত্রী আসছেন কাউন্টারে। সঙ্গে সঙ্গে ছুটে যাচ্ছেন পরিবহন সংশ্লিষ্টরা। অন্যান্য সময়ের মতো যাত্রীদের ভিড় নেই, নেই টিকিট কাটার দীর্ঘ লাইন। অনেক বাসের কাউন্টার বন্ধ থাকতেও দেখা যায়।

হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার মাস্টার মো. ফারুক হোসেন জাগো নিউজকে বলেন, সকাল থেকেই যাত্রীর চাপ নেই। যাত্রীরা আগেই চলে গেছে। আসলে ২৯ রোজা হলে তো আজ ঈদ হওয়ার কথা। সেই হিসাবে মানুষ আগেই চলে গেছে।

তিনি আরও বলেন, আমাদের ৪০ সিটের বাস, আমরা আজ মিনিমাম ৩০ জন যাত্রী পেলেই বাস ছেড়ে দিচ্ছি। কারণ যাত্রীই পাওয়া যাচ্ছে না।

অরিন ট্রাভেলসের কাউন্টার মাস্টার ফরিদুর রহমান বলেন, ৩০ রোজা হওয়ার কারণে আজ যাত্রী কম। সাধারণত ৩০ রোজার দিন যাত্রীচাপ কমই থাকে। তারওপর এবার লম্বা ছুটি, মানুষ আগেই চলে গেছে।

এদিকে শুধু কল্যাণপুরই না গাবতলী বাস টার্মিনালের চিত্রও ছিল একই রকম।

jagonews24

গাবতলী বাস টার্মিনালে সোহাগ পরিবহনের কাউন্টার মাস্টার শাহনেওয়াজ জাগো নিউজকে বলেন, যাত্রীর চাপ একদমই নেই। সকাল থেকে সিডিউলের কয়েকটা গাড়ি ছিট ফাঁকা নিয়ে কাউন্টার ছেড়ে গেছে। সারাদিনে সিডিউলে আরও ৫টা গাড়ি ঢাকা ছেড়ে যাবে। অনেক গাড়ি টার্মিনালে বসে আছে, কিন্তু যাত্রী নেই।

ঈগল পরিবহনের কাউন্টার মাস্টার জয়ন্ত রায় চৌধুরী বলেন, কাউন্টারে কোনো যাত্রী নেই, দেখাই যাচ্ছে। একদমই যাত্রী নেই। সকাল থেকে কোনো গাড়িই ছাড়তে পারিনি। এবারের ঈদে গাবতলীতে কোনো যাত্রীর চাপ নেই। বিশেষ করে পদ্মা সেতু হওয়ার পর থেকে এই রুটে কোনো যাত্রীর চাপ নেই।

কেআর/ইএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews