কুমিল্লা সদর আসনের সাবেক এমপি পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

মঙ্গলবার (৯ জুন) বিকালে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশ শেষে সাবেক এমপি বাহাউদ্দিন বাহারের প্রতিকৃতিতে আগুন দেওয়া ও জুতা নিক্ষেপের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়।

সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মনির হোসেন পারভেজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আনোয়ার হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্যসচিব ফরিদ উদ্দিন শিবলু, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এ কে এম শাহেদ পান্না, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি জিলানী, মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সভাপতি এমদাদুল হক ধীমান এবং সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বাহার প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তারা এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বিচার নিশ্চিত করার দাবি জানান।

তারা বলেন, রাজনৈতিক শিষ্টাচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী কোনো বক্তব্য জনগণ মেনে নেবে না। এ ধরনের উসকানিমূলক বক্তব্যের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, গত ৬ জুন ফেসবুক লাইভে দেওয়া এক বক্তব্যে বাহাউদ্দিন বাহার কুমিল্লার বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি দাবি করেন, তার বাসভবনে অগ্নিসংযোগকারীদের একটি তালিকা তার কাছে রয়েছে এবং উপযুক্ত সময়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি তার নেতাকর্মীদের ওপর নির্যাতন বন্ধের আহ্বান জানান।

বিডিপ্রতিদিন/কেকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews