মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের বৃহত্তম সাউথ পার্স গ্যাসক্ষেত্র ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল আর এই গ্যাসক্ষেত্রে নতুন করে হামলা চালাবে না—তবে শর্তসাপেক্ষে।

গতকাল বুধবার (১৮ মার্চ) ইসরায়েল সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলা চালায়, যা বিশ্বের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র হিসেবে পরিচিত। এই হামলায় সেখানে আগুন লাগে এবং কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এর জবাবে ইরান কাতারের রাস লাফান গ্যাস স্থাপনায় হামলা চালায়, যা আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে।

ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে দাবি করেন, সাউথ পার্সে ইসরায়েলের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র আগে থেকে কিছু জানত না, এমনকি কাতারও এতে জড়িত ছিল না।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলীর প্রতিক্রিয়ায় ইসরায়েল ওই হামলা চালিয়েছে এবং এতে গ্যাসক্ষেত্রের একটি ছোট অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ট্রাম্প আরও জানান, “এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েল আর কোনো হামলা চালাবে না—যদি না ইরান আবার কাতারের মতো নিরীহ স্থাপনায় হামলা করে।”

একই সঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি আবার কাতারের গ্যাস স্থাপনায় আঘাত হানে, তাহলে যুক্তরাষ্ট্র এককভাবেও পুরো সাউথ পার্স গ্যাসক্ষেত্র ধ্বংস করে দিতে পারে। ইরানের বুশেহর প্রদেশের আসালুয়েহ জেলার কর্মকর্তারা জানিয়েছেন, হামলার ফলে সাউথ পার্সের কয়েকটি স্থানে আগুন লেগেছে।

অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা ইসলামিক রেভ্যুলেশনারী গার্ড কর্পস (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা সউদী আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের তেল-গ্যাস স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে।

এই ঘটনার ফলে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম ইতোমধ্যেই বেড়েছে। বিশ্লেষকদের মতে, জ্বালানি অবকাঠামোতে সরাসরি হামলা চলতে থাকলে তা শুধু আঞ্চলিক স্থিতিশীলতাই নয়, বৈশ্বিক জ্বালানি সরবরাহেও বড় ধরনের সংকট তৈরি করতে পারে।

সামগ্রিকভাবে পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, উত্তেজনা আরও বাড়ার ঝুঁকি রয়েছে। তাই বিশেষজ্ঞরা সব পক্ষকে সংযত থাকার এবং কূটনৈতিক সমাধানের পথে এগোনোর আহ্বান জানিয়েছেন। তথ্যসূত্র : তাস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews