তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে পৃথক বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

রোববার (৫ জুলাই) হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি আনা কেলি জানান, আগামী বুধবার বিকেলে ট্রাম্প দুই নেতার সঙ্গে আলাদাভাবে বৈঠকে বসবেন। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, চলমান সংঘাত এবং কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের সম্ভাব্য পথ নিয়ে আলোচনা করবেন ট্রাম্প। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যুদ্ধ বন্ধে নতুন কূটনৈতিক উদ্যোগ এবং সম্ভাব্য সমাধানের বিষয়টি বৈঠকের মূল আলোচ্য থাকবে। জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও যোগাযোগ করবেন বলে জানা গেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে পুতিন ও জেলেনস্কি পৃথকভাবে ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এর আগে জুনে ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনেও ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক হয়েছিল। সেখানে ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। তবে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দুই নেতার মধ্যে প্রকাশ্য মতপার্থক্যও দেখা দিয়েছিল।

অন্যদিকে, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং লেবানন ইস্যু গুরুত্ব পাবে। ইসরায়েল ও হিজবুল্লাহর চলমান সংঘাতের প্রেক্ষাপটে সিরিয়ার সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ট্রাম্প মন্তব্য করেছিলেন, সিরিয়া লেবাননের সংঘাতে সামরিকভাবে জড়িয়ে পড়তে পারে। তবে প্রেসিডেন্ট আল-শারা সেই আশঙ্কা নাকচ করে জানিয়েছেন, লেবাননের সঙ্গে সিরিয়ার সম্পর্ক অর্থনৈতিক সহযোগিতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। গত বছর ট্রাম্প তাকে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণও জানিয়েছিলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews