ইনজুরি পিছু ছাড়ছেনা নেইমারের। দুই দিন আগে২০২৬ বিশ্বকাপে ব্রাজিল দলে ডাক পাওয়ার পর নতুন করে ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ডান পায়ের মাংসপেশির চোটে বিশ্বকাপের জন্য তার প্রস্তুতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। নেইমারের ক্লাব সান্তোসের মেডিকেল বিভাগ বুধবার তার এই চোটের কথা জানায়। ইতোমধ্যেই তিনি সান লরেন্সোর বিপক্ষে সান্তোসের কোপা সুদামেরিকানার ম্যাচটি খেলতে পারেননি। গ্রেমিওর বিপক্ষে আসন্ন লিগ ম্যাচেও তার খেলার সম্ভাবনা নেই। আগামী বুধবার ব্রাজিল দলে যোগ দেওয়ার আগে এই ফরোয়ার্ডকে এখন দ্রুত সেরে উঠতে হবে। সান্তোস ও ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) উভয়ই তার শারীরিক অবস্থার ওপর নজর রাখছে। সান্তোসের মেডিকেল বিভাগের প্রধান রদ্রিগো জোগাইব জোর দিয়ে বলেছেন, নেইমারের এই চোট গুরুতর নয়। তার বিশ্বাস, আগামী সপ্তাহে ব্রাজিল দলে যোগ দেওয়ার জন্য তিনি ফিট হয়ে উঠবেন। গত সোমবার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। নেইমারকে দলে রাখা হবে কি না, সেটা নিয়েই সবার কৌতূহল ছিল বেশি। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের নাম ঘোষণার স্বস্তি ফেরে নেইমার সমর্থকদের। ২০২৩ সালের অক্টোবরে গুরুতর চোটে ছিটকে পড়ার পর প্রথমবার জাতীয় দলে ফিরেছেন ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচ খেলা তারকা। তবে নেইমার নতুন করে চোট পাওয়ায় তাকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়ে আনচেলত্তির সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন আরও বাড়িয়ে দিয়েছে। কারণ ইতালিয়ান এই কোচ আগেই স্পষ্ট করে বলেছিলেন, শুধুমাত্র পুরোপুরি ফিট খেলোয়াড়দেরই তিনি দলে চান। কোচিং স্টাফের ভেতরের উদ্বেগ মূলত এই বিষয়টিকে কেন্দ্র করে যে, এই চোট নেইমারের প্রাথমিক অনুশীলনের সময়সূচি ও মারাকানায় ৩১ মে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে তার অংশগ্রহণে কোনো ব্যাঘাত ঘটায় কি না। দ্রুত সেরে ওঠার লক্ষ্যে সান্তোসের রেই পেলে ট্রেনিং সেন্টারে নেইমার তার ব্যক্তিগত চিকিৎসক দলের সঙ্গে কাজ করছেন।
এদিকে, চোটের থাবায় শুরুর আগেই বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে গেলো স্প্যানিশ মিডফিল্ডার ফার্মিন লোপেজের। বিশ্বকাপের আসর থেকে ছিটকে পড়ার কথা নিজেই জানালেন স্প্যানিশ এই মিডফিল্ডার। গত রোববার রিয়াল বেতিসের বিপক্ষে ৩-১ গোলে জেতা লা লিগার ম্যাচে চোট পান বার্সেলোনার লোপেজ। পরদিন কাতালান ক্লাবটি জানায়, তার বাঁ পায়ের পঞ্চম মেটাটারসালে চিড় ধরা পড়েছে। অস্ত্রোপচার ভালোভাবে শেষ হওয়ার কথা বুধবার ইনস্টাগ্রাম পোস্টে জানান ২৩ বছর বয়সী লোপেস। তিনি জানান, ‘অস্ত্রোপচার সফল হয়েছে। শারীরিক ও মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে মাঠে ফেরার জন্য মুখিয়ে আছি। জীবন ও ফুটবল কখনও কখনও এমন সময়ে নিষ্ঠুর রূপ নেয়, যখন সেটা ধারণায়ও থাকে না কিংবা আপনার সেটা প্রাপ্যও নয়। তবে মেনে নিতে হবে যে, এটাও যাত্রাপথের একটি অংশ। এটা আমার জন্য খুব কঠিন সময় এবং ক্যারিয়ারে আরও একটি চ্যালেঞ্জ, যা নিশ্চিতভাবেই আমি কাটিয়ে উঠব। এখন ঘরে বসে জাতীয় দল এবং আমার সতীর্থদের সমর্থন করার সময়।’ ২০২৪ সালে জাতীয় দলে অভিষেক হওয়া লোপেজ এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে সাতটি ম্যাচ খেলেছেন। গত মাসে সার্বিয়া ও মিশরের বিপক্ষে স্পেনের সবশেষ দুটি ম্যাচেও খেলেছেন তিনি। বার্সেলোনার জার্সিতে চলতি মৌসুম দারুণ কেটেছে লোপেজের। ক্লাবের লা লিগা শিরোপা ধরে রাখার অভিযানে ৩০ ম্যাচ খেলে ৬টি গোল ও ৯টি অ্যাসিস্ট করেন তিনি। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচে তার গোল ১৩টি, অ্যাসিস্ট ১৭টি।