ফরিদপুরের বোয়ালমারীতে মায়ের সঙ্গে অভিমানকে কেন্দ্র করে দ্বিতীয় শ্রেণীর এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

রোববার বিকালে উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শিশুটি আমগাছিয়াডাঙ্গী গ্রামের বাসিন্দা মো. মানোয়ার হোসেনের মেয়ে মাফুজা সাইদা মুনিয়া (৮) । সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল।

সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, মুনিয়া স্কুল থেকে বাড়িতে ফিরে দুপুরে মায়ের কাছে আরবী পড়ছিল। এসময় মায়ের সাথে রাগান্বিত হয়ে অভিমান করে সে নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে ঘরের ভেতরে খাটের স্ট্যান্ডে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় বলে জানা যায়।

নিহতের মা সালমা বেগম বলেন, স্কুল থেকে এসে খাওয়া-দাওয়া শেষে আমার কাছে আরবি পড়ছিল। হঠাৎ রাগ করে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে আমরা জানালা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় পাই।

স্থানীয় বাসিন্দারা জানান, মুনিয়া ছিল মেধাবী ও শান্ত স্বভাবের একটি শিশু। এমন একটি ঘটনা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। 

স্থানীয়রা বলেন, এত ছোট্ট একটি মেয়ে এমন সিদ্ধান্ত নিতে পারে- এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের ও অবিশ্বাস্য।

ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক মৃধা জানান, এতো অল্প বয়সে এমন মৃত্যু সত্যিই মর্মান্তিক ও অস্বাভাবিক। আমরা গভীরভাবে শোকাহত।

ফরিদপুরের বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews