নেদারল্যান্ডসের স্বাস্থ্যসেবা প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান চিপসফট শেষ পর্যন্ত স্বীকার করেছে যে, তাদের সিস্টেমে হ্যাকারদের সাম্প্রতিক সাইবার হামলায় রোগিদের অত্যন্ত সংবেদনশীল চিকিৎসা সংক্রান্ত তথ্য ও ব্যক্তিগত রেকর্ড চুরি হয়েছে। 

দীর্ঘ ৪০ বছরের নিরবচ্ছিন্ন সেবার পর এমন ভয়াবহ নিরাপত্তা বিপর্যয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা হ্যান্স মুল্ডার। তিনি জানান, এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তো তারা বদলে দিতে পারবেন না, তবে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সব ধরনের সহায়তা প্রদানে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।

চলতি মাসের শুরুর দিকে চিপসফটের ইলেকট্রনিক পেশেন্ট রেকর্ড সফটওয়্যারে র‍্যানসামওয়্যার হামলা চালায় হ্যাকাররা। ডাচ স্বাস্থ্য খাতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম এই ঘটনার পরপরই দেশটির হাসপাতাল এবং সাধারণ চিকিৎসাকেন্দ্রগুলোকে চিপসফটের সার্ভারের সাথে সংযোগ বিচ্ছিন্ন করার এবং নিজস্ব নেটওয়ার্কে নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছিল। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ইতোমধ্যে ৬৬টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নেদারল্যান্ডসের ডেটা সুরক্ষা কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে তথ্য ফাঁসের প্রতিবেদন দাখিল করেছে।

প্রাথমিকভাবে চিপসফটের পক্ষ থেকে ডেটা চুরির বিষয়টি নিশ্চিত করা না হলেও ফরেনসিক তদন্তের পর এখন এটি স্পষ্ট যে, হ্যাকাররা রোগিদের মেডিকেল রেকর্ডসহ ব্যক্তিগত নানা তথ্য হাতিয়ে নিয়েছে। তবে যেসব প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় বা তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে চিপসফটের সফটওয়্যার পরিচালনা করে, তারা এই ঝুঁকির বাইরে রয়েছে বলে জানানো হয়েছে। 

দেশটির দীর্ঘমেয়াদী যত্ন ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মিরিয়াম স্টার্ক এই ঘটনাকে অত্যন্ত গুরুতর হিসেবে অভিহিত করে বলেছেন, রোগীদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা একটি আস্থার বিষয় এবং চিপসফটকে দ্রুত ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে সব তথ্য জনসমক্ষে আনতে হবে। ফরেনসিক তদন্ত এখনও চলমান থাকায় আগামীতে আরও নতুন তথ্য বেরিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: সাইবার নিউজ ডটকম

বিডি প্রতিদিন/এনএইচ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews