ম্যাচের দীর্ঘ একটা সময় মনে হচ্ছিল ফিফা র‍্যাংকিংয়ের ৬৭ তম দলের কাছে অঘটনের শিকার হবে না তো বর্তমান চ্যাম্পিয়নরা! পুরো ম্যাচে কেপ ভার্দে যে আত্মবিশ্বাস আর লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে, তা সত্যিই অসাধারণ। অনেক দিন মনে রাখার মতো এক পারফরম্যান্স। এক মুহূর্তের জন্যও তারা নিজেদের গুটিয়ে নেয়নি। বরং চোখে চোখ রেখে লড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে। ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও দেখিয়েছে কিভাবে প্রত্যাবর্তন করতে হয়।

১২০ মিনিটের স্নায়ুচাপ আর চরম উত্তেজনার এক রুদ্ধশ্বাস জয়ের পর যখন বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত হলো, তখন লিওনেল স্কালোনির কথাতেও যেন ফুটে উঠল সেই স্বস্তির নিঃশ্বাস।

চোখেমুখে স্পষ্ট আবেগ এবং তখনও উত্তেজনায় বুকের ধড়ফড়ানি কমেনি, এমন অবস্থায় আলবিসেলেস্তেদের দায়িত্ব নেওয়ার পর অন্যতম এক হৃদয়স্পর্শী প্রতিক্রিয়া জানালেন এই কোচ। তিনি জোর দিয়ে বলেন, ‘এই দল কখনো হাল ছাড়ে না।’ এরপর স্বস্তি আর আবেগের মিশেলে তিনি স্বীকার করেন, ‘কোচ হিসেবে আমার ১০০তম ম্যাচে হেরে যাওয়াটা হতো অনেক খারাপ, কিন্তু ফুটবল এমনই অনিশ্চিত।’

অতিরিক্ত সময়ের নাটকীয় সমাপ্তির পর মাঠের সাইডলাইনে দাঁড়িয়ে চিন্তিত স্কালোনি বলেন, ‘এটি ছিল অত্যন্ত কঠিন একটি ম্যাচ। তবে ইতিবাচক দিকটি হলো, এই দল কখনোই আশা ছাড়ে না।

আমি আমাদের প্রতিপক্ষকে অভিনন্দন জানাই; মানুষ যখন বলে কোনো প্রতিপক্ষই সহজ নয়... আজ তারা প্রমাণ করেছে যে তারা সত্যিই বড় একটি দল।’

আবেগ সরিয়ে রেখে মাঠের ফুটবলের দিকে নজর দিলে দেখা যায় আজ আর্জেন্টিনা বেশ ধুঁকছিল।

তবে স্কালোনি মূলত প্রতিকূল পরিস্থিতিতেও খেলোয়াড়দের শারীরিক পরিশ্রম এবং জয় ছিনিয়ে আনার সাহসের প্রশংসা করেন। তিনি বলেন, ‘এটাই আর্জেন্টিনা, যারা বিষয়টি বোঝেন না তাদের জন্য এটি বোঝা কঠিন; তবে আমরা আর্জেন্টাইনরা বিষয়টি বুঝি, এই জার্সি গায়ে খেলা মোটেও সহজ কাজ নয়।’

বিডি প্রতিদিন/নাজিম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews