উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াই শুরু হবে আজ। প্রথম দিন প্রথম লেগের ম্যাচে মাঠে নামবে ফেভারিট বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও লিভারপুল। প্রতিপক্ষের মাঠে তুরস্কের ক্লাব গালাতাসারের মুখোমুখি হবে ইংলিশ জায়ান্ট লিভারপুল। এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১২টায়। ইতালিয়ান ক্লাব আটালান্টার বিপক্ষে মাঠে নামবে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। এছাড়া স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে ইংলিশ দল টটেনহ্যাম। আরেক ইংলিশ ক্লাব নিউক্যাসল আতিথ্য দেবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। সেন্ট জেমস পার্কে নিউক্যাসলের বিপক্ষে মাঠে নামার আগে বেশ সতর্ক বার্সেলোনা। লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে জিততে ঘাম ছুটে গেছে বার্সেলোনার। চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসল ইউনাইটেডের মাঠেও কাজটা কঠিন হবে বলে মনে করছেন বার্সা মিডফিল্ডার ফার্মিন লোপেস। তবে সেই পরীক্ষায় উতরে যাওয়ার ব্যাপারে আশাবাদী বার্সেলোনার এই মিডফিল্ডার।

বিলবাওয়ের সান মামেসে শনিবার লিগ ম্যাচটি ১-০ গোলে জেতে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন লামিনে ইয়ামাল। চোটের কারণে বেশ কয়েকজন ফুটবলারকে হারানো বার্সেলোনা গোটা ম্যাচে গোলের জন্য সাতটি শট নিয়ে কেবল দুটি লক্ষ্যে রাখতে পারে। তবে শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট পাওয়ায় খুশি লোপেস। দ্বিতীয়ার্ধে বদলি নামা ২২ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার বললেন, নিউক্যাসলের সেন্ট জেমস পার্কে খেলার জন্য ভালো প্রস্তুতি ছিল এই ম্যাচ। তিনি যোগ করেন, ‘শেষের দিকে আমাদের কিছুটা ভুগতে হয়েছে। তবে আমার মনে হয়, শেষ মুহূর্তে আমরা খুব ভালোভাবে রক্ষণ সামলেছি। এই জয়ে আমি খুবই খুশি। আমরা জানি, আমাদের পয়েন্ট টেবিলে এগিয়ে থাকাটা ধরে রাখতে হবে এবং আগের দিন রিয়াল মাদ্রিদ জেতায় আমাদের জয় পাওয়া খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা সেটাই করেছি এবং আমরা রোমাঞ্চিত। এখন আমাদের মনোযোগ নিউক্যাসলের ম্যাচের দিকে।

জয়ের পর আমরা ভালো মনোভাব নিয়ে যাচ্ছি। আমরা এটাও জানি, এখানে যে ম্যাচটি খেলেছি, তার মতোই একটা ম্যাচ আমরা খেলব খুব কঠিন স্টেডিয়ামে, শারীরিকভাবে খুব শক্তিশালী দলের বিপক্ষে। আশা করি, আমরা দারুণ পারফরম্যান্স দেখাতে পারব, আমাদের সহজাত খেলা খেলব এবং জিতব।’ লা লিগায় ২৭ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে হান্সি ফ্লিকের দল। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews