এক সময় ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে নিয়মিত একাদশে জায়গা নিয়েও অনিশ্চয়তায় ছিলেন হোসে ম্যানুয়েল ‘ফ্লাকো’ লোপেজ। তবে বদলি খেলোয়াড় হিসেবেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে এখন তিনি জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলে।

বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচের জন্য লিওনেল স্কালোনির ঘোষিত দলে ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। চলতি মৌসুমে পালমেইরাসের হয়ে দুর্দান্ত ছন্দে থাকা লোপেজ সব প্রতিযোগিতা মিলিয়ে ইতোমধ্যে করেছেন ১৭ গোল। ক্লাবটির সর্বোচ্চ গোলদাতাও এখন তিনিই।

ফিফা ক্লাব বিশ্বকাপে আল আহলির বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে নেমে নিজের কার্যকারিতা আবারও প্রমাণ করেন লোপেজ। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছিল গোলশূন্য সমতায়।

বিরতির পর কোচ আবেল ফেরেইরা তাকে মাঠে নামান। এরপর মাত্র ১৫ মিনিটের মধ্যেই পালমেইরাস দুই গোলে এগিয়ে যায়। প্রথম গোলটি আসে আল আহলির ওয়েসাম আবু আলির আত্মঘাতী গোলে, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লোপেজের। পরে নিজেই গোল করে দলের জয় নিশ্চিত করেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। সেই গোলের মাধ্যমেই চলতি বছরে পালমেইরাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে ওঠেন তিনি।

জাতীয় দলে ডাক পাওয়ার পর আবেগাপ্লুত লোপেজ বলেন, “স্বপ্নেও ভাবিনি এমন কিছু হবে। জীবন সবসময় চমক নিয়ে আসে। জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাওয়া একজন ফুটবলারের সবচেয়ে বড় স্বপ্ন।”

মৌসুমের শুরুটা অবশ্য সহজ ছিল না লোপেজের জন্য। পালমেইরাস নতুন করে ভিটর রোকে, পাউলিনিয়ো, রামন সোসা ও ফাকুন্দো তোরেসকে দলে ভেড়ায়। ফলে আক্রমণভাগে প্রতিযোগিতা আরও বেড়ে যায়।

তবে কঠিন সেই লড়াইয়েই নিজেকে আলাদা করে তুলে ধরেন লোপেজ। বিশেষ করে ভিটর রোকে’র সঙ্গে তার জুটি দারুণ সফল হয়েছে। সাম্প্রতিক কয়েকটি ম্যাচে এই জুটি পালমেইরাসকে এনে দিয়েছে টানা জয়।

ইউনিভার্সিতারিওর বিপক্ষে ৪-০ গোলের জয়ে জোড়া গোল করেন লোপেজ। আবার স্পোর্ত রেসিফের বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা ম্যাচেও তার দুটি গোলের পেছনে ছিল রোকে’র দুটি অ্যাসিস্ট।

লোপেজ জানিয়েছেন, দুই স্ট্রাইকার নিয়ে খেলার কৌশলে তিনি বেশ দক্ষ। এর আগে আর্জেন্টিনার ক্লাব লানুসেও তিনি আরেকজন স্ট্রাইকারের পাশে খেলেছেন। তাই রোকে’র সঙ্গে বোঝাপড়াটা দ্রুতই গড়ে উঠেছে।

উল্লেখ্য, এবার বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা মুখোমুখি হবে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের। বিশ্বচ্যাম্পিয়নদের দলে জায়গা পাওয়া লোপেজের জন্য নিঃসন্দেহে বড় অর্জন। তবে এখন তার সামনে অপেক্ষা করছে নিজেকে প্রমাণ করার আরও বড় মঞ্চ।

বিডি-প্রতিদিন/টিএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews