জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার যাত্রাবাড়ী থানার খোবাইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিনের আবেদন নাকচ করেছেন আদালত। গতকাল ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ ৭ম আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. সাদেকীন হাবিব এ আদেশ দেন। খায়রুল হকের আইনজীবী মোনায়েম নবী জানান, এ মামলায় সিএমএম আদালত এবিএম খায়রুল হকের জামিন নামঞ্জুর করেছিলেন। সেই আদেশের বিরুদ্ধে আমরা মহানগর দায়রা জজ আদালতে সিআরমিস ফাইল করি। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন খোবাইব। ওভারব্রিজের নিচে অবস্থান করার সময় মামলার আসামিদের নির্দেশে ও মদতে পুলিশ, র?্যাবসহ অঙ্গসংগঠন যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর স্বেচ্ছাসেবক লীগের অস্ত্রধারীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর অতর্কিত গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে খোবাইব ঘটনাস্থলে মারা যান। ওই ঘটনায় মৃতের ভাই জোবায়ের আহম্মেদ বাদী হয়ে ২০২৪ সালের ১৬ নভেম্বর মামলাটি করেন। এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা ও ওবায়দুল কাদেরসহ ৮০ জনকে আসামি করা হয়। এর আগে, গত ১৭ মে আসামি হিসেবে সুনির্দিষ্ট মামলা ছাড়া সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার না দেখাতে ও হয়রানি না করতে নির্দেশ দেন হাই কোর্ট। পৃথক পাঁচ মামলায় হাই কোর্ট থেকে জামিন পাওয়ার পর রাজধানীর যাত্রাবাড়ী ও আদাবর থানার দুটি হত্যা মামলায় গত ৩০ মার্চ খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়।