ঢাকা, ১৩ মার্চ – বোলারদের দারুণ প্রত্যাবর্তনে পাকিস্তানকে মাঝারি সংগ্রহে আটকে রাখলেও ব্যাটারদের ব্যর্থতায় বড় হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বৃষ্টি আইনে ১২৮ রানে হেরেছে স্বাগতিকরা। এই জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে পাকিস্তান।

টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৭ দশমিক ৩ ওভারে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার পর নতুন লক্ষ্য দাঁড়ায় ৩২ ওভারে ২৪৩ রান। কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

রান তাড়ায় নেমে ১৫ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দল। তানজিদ হাসান তামিম, সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত দ্রুত সাজঘরে ফেরেন।

বৃষ্টির পর খেলা শুরু হলে লিটন দাস ও তাওহীদ হৃদয় কিছুটা আশা জাগালেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ৩৩ বলে ৪১ রান করে লিটন আউট হওয়ার পর আফিফ হোসেন ও অন্যান্য ব্যাটাররা দ্রুত উইকেট বিলিয়ে দেন। শেষ পর্যন্ত হৃদয় ২৮ রান করে আউট হন।

এর আগে পাকিস্তানের ইনিংসের শুরুটা ছিল দারুণ। উদ্বোধনী জুটিতে ১০৩ রান তোলেন সাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত। সাদাকাত মাত্র ৪৬ বলে ৭৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন।

এরপর মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগার ব্যাটে বড় সংগ্রহের পথে এগোচ্ছিল সফরকারীরা। তবে মেহেদী হাসান মিরাজের দারুণ এক রানআউট এবং বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৪৩ রানে শেষ ৭ উইকেট হারায় পাকিস্তান।

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ, নাহিদ রানা ও রিশাদ হোসেন নিজেদের নামের প্রতি সুবিচার করেছেন। আগামী রোববার সিরিজের শেষ ম্যাচটি এখন অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে।

এনএন/ ১৩ মার্চ ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews