ছাত্র-জনতার তীব্র গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও আলোচিত চিকিৎসক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। দেশে তার বিরুদ্ধে একাধিক মামলা হওয়ায় দীর্ঘদিন ধরে তার অবস্থান নিয়ে ছিল নানা গুঞ্জন। অবশেষে সব রহস্যের অবসান ঘটিয়ে ভারতের ত্রিপুরার একটি মেডিকেল কলেজে তার ক্লাস নেওয়ার খবর ও ভিডিও প্রকাশ্যে এসেছে।
শনিবার (২৭ জুন) ভারতের ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের এক স্টাফ নার্স বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডা. প্রাণ গোপাল দত্ত বর্তমানে তাদের প্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষার্থীদের পাঠদান করছেন। তবে ঠিক কতদিন ধরে তিনি সেখানে রয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি তিনি।
সম্প্রতি শান্তিনিকেতন মেডিকেল কলেজের নিজস্ব ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশিত হয়, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা যায়, একটি আধুনিক সুসজ্জিত শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনে বক্তব্য দিচ্ছেন ডা. প্রাণ গোপাল দত্ত। তার পেছনের ডিজিটাল বোর্ডে চিকিৎসাবিজ্ঞান-সংক্রান্ত নানা তথ্য প্রদর্শিত হচ্ছিল। জানা গেছে, তিনি সেখানে নাক-কান-গলা (ইএনটি) বিষয়ের ওপর একটি ক্লাস নিচ্ছিলেন। এই ভিডিওটি সামনে আসার পরই নিশ্চিত হওয়া গেছে যে তিনি বর্তমানে ভারতেই অবস্থান করছেন।
অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত দেশের একজন শীর্ষস্থানীয় নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর সাবেক উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।পরবর্তীতে তিনি সরাসরি রাজনীতিতে যুক্ত হন এবং আওয়ামী লীগের মনোনয়নে কুমিল্লা-৭ আসন থেকে বিতর্কিত নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
গত ৫ আগস্ট সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা, মন্ত্রী ও সংসদ সদস্যদের মতো ডা. প্রাণ গোপাল দত্তও আইনি জটিলতা এড়াতে আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন পর ভারতে তার এই প্রকাশ্য অবস্থানের খবরটি এখন সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।