ফিফা বিশ্বকাপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারগুলোর একটির সঙ্গেও ফিফা সরাসরি কোনো অর্থ পুরস্কার দেয় না। ২০০২ সাল থেকে প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে দেওয়া হচ্ছে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ ট্রফি, যা শুধুই সম্মানসূচক। একইভাবে গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভ বিজয়ীরাও ফিফার কাছ থেকে আলাদা কোনো নগদ অর্থ পান না।
সে ক্ষেত্রে কারো কারো মনে এমন প্রশ্নও জাগতে পারে, এত মর্যাদার পুরস্কার জিতে তাহলে লাভটা কী? লাভ তো আছেই। বিশ্বজুড়ে তারকাখ্যাতি, বাজারমূল্য বৃদ্ধি, বড় ক্লাবের আগ্রহ, স্পন্সরদের আকর্ষণ এবং বিভিন্ন পারফরম্যান্স বোনাস—এসবই হয়ে ওঠে আসল ‘জ্যাকপট’। অর্থাৎ ট্রফি হাতে তোলার মুহূর্তে চেক না মিললেও সেই ট্রফিই পরে এনে দিতে পারে কোটি কোটি টাকার নতুন সুযোগ।