রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)। জোনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবারের ছয় শতাধিক মানুষের মাঝে রান্না করা উন্নতমানের খাবার ও সুপেয় পানি বিতরণ করা হয়েছে। পাশাপাশি ২৫০ জন অসুস্থ বন্যার্তকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) দুপুর ১২.০০ টার দিকে মারিশ্যা জোন কমান্ডারের নেতৃত্বে উপজেলার বায়তুশ শরফ মাদ্রাসা, আয়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত মানুষের মাঝে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সাম্প্রতিক অতিবৃষ্টিজনিত বন্যায় খাদ্যসংকটে পড়া অসহায় ও পানিবন্দী মানুষের জরুরি প্রয়োজন বিবেচনায় রান্না করা খাবার ও সুপেয় পানি বিতরণ করা হয়। এ সময় নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে সুশৃঙ্খলভাবে খাদ্য বিতরণ করা হয়।

সহায়তা কার্যক্রম চলাকালে জোন কমান্ডার আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং পানি বাহিত রোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি বলেন, বিজিবি সবসময় জনগণের পাশে রয়েছে এবং প্রয়োজন হলে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

এছাড়া মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেডিকেল অফিসার মেজর অমিত কুমার সাহা, এএমসি-এর নেতৃত্বে একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। সেখানে ২৫০ জন রোগীকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।

মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, খাদ্য সহায়তা ও চিকিৎসাসেবার পাশাপাশি বন্যাকবলিত এলাকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ, পানিবন্দী মানুষের খোঁজখবর গ্রহণ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews