যুক্তরাষ্ট্রের নেভাদার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গ্রামীণ এলাকায় ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এ কম্পন নেভাদা ও ক্যালিফোর্নিয়ার কিছু অংশে অনুভূত হয়েছে। ভূমিকম্পটি প্রথমে ৫.৫ মাত্রায় নামিয়ে আনা হলেও পরে পুনরায় ৫.৭ মাত্রায় উন্নীত করা হয়।
বার্তা সংস্থা রয়টার্স, ইউএসএ টুডে ও নিউইয়র্ক টাইমস জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় সময় (পিটি) সন্ধ্যা সাড়ে ৬টার কিছু আগে রেনো থেকে প্রায় ৬৫ মাইল দক্ষিণ-পূর্বে লাহনতান স্টেট রিক্রিয়েশন এরিয়ার কাছে এটি আঘাত হানে। সংস্থাটি জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সিলভার স্প্রিংস শহর থেকে ১২.৪ মাইল পূর্ব-দক্ষিণ-পূর্বে এবং এর গভীরতা ছিল ৩.১ মাইল। মূল কম্পনের পর বেশ কিছু আফটারশক্ অনুভূত হয়েছে, যার মধ্যে বৃহত্তমটির মাত্রা ছিল ৩.৬।
ভূমিকম্পের তীব্রতা মানচিত্র (শেক ম্যাপ) অনুযায়ী, কম্পনটি রেনো, কারসন সিটি, লেক তাহো এবং ক্যালিফোর্নিয়ার ট্রাকিতে অনুভূত হয়েছে। নেভাদা সিসমোলজিক্যাল ল্যাবরেটরির পরিচালক ক্রিস্টি রো জানিয়েছেন, ভূমিকম্পটির সবশেষ পরিমাপ ছিল ৫.৬৮ মাত্রা। যদিও ল্যাবরেটরি শুরুতে এটি ৫.৪ মাত্রার বলে জানিয়েছিল।