কে-পপ সংগীতের সবচেয়ে জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান বয় ব্যান্ড দল বিটিএস তাদের ১৩তম বর্ষপূর্তিতে জনপ্রিয় অ্যালবাম ‘আরিরাং’-এর সীমিত সংস্করণের বিশেষ ভিনাইল প্রকাশের ঘোষণা দিয়েছে। এতে ভক্তদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস। গত ২০ মার্চ মেগাস্টার বিটিএস তাদের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’ প্রকাশ করে। অ্যালবামের ‘সুইম’ গানটির মিউজিক ভিডিও দিয়ে তারা ওই সময় আনুষ্ঠানিকভাবে প্রত্যাবর্তন করে। বিটিএসের নতুন অ্যালবামটি সাজানো হয়েছে ১৪টি নতুন গান দিয়ে। অ্যালবামটির নামকরণ করা হয়েছে একটি কোরিয়ান লোকগানের নামে। লোকগানটিকে দক্ষিণ কোরিয়ার অনানুষ্ঠানিক জাতীয় সংগীত হিসেবে বিবেচনা করা হয়। বিগহিট মিউজিক জানিয়েছে, এরই মধ্যে বিশ্বব্যাপী ভিনাইলটির প্রি-অর্ডার শুরু হয়েছে। বিটিএসের অভিষেক বার্ষিকীর ঠিক একদিন আগে ১২ জুন এর আনুষ্ঠানিক প্রকাশ হবে। বিশেষ এই সংস্করণে মূল ১৪টি গানের পাশাপাশি যুক্ত হচ্ছে দুটি এক্সক্লুসিভ বোনাস ট্র্যাক। তানু মুইনোর পরিচালনায় নির্মিত একটি বোনাস ট্র্যাকে আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি এবং জাং কুককে দেখা যায়। অন্যদিকে, দ্বিতীয় বোনাস ট্র্যাক হিসেবে থাকছে বহুল প্রতীক্ষিত ‘নরমাল’-এর কোরিয়ান সংস্করণ। গানটির মূল সংস্করণ প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। চলতি বছর বিটিএসের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। বর্তমানে তারা আরিরাং ওয়ার্ল্ড ট্যুর নিয়ে বিশ্বের বিভিন্ন মঞ্চে পারফর্ম করছে। এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার বুসান শহরে দুটি বিশেষ কনসার্ট আয়োজনেরও পরিকল্পনা রয়েছে দলটির।