বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়ার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। যদিও তারা কখনো আনুষ্ঠানিকভাবে প্রেমের ঘোষণা দেননি, তবে বিভিন্ন সময় নিজেদের আচরণ ও উপস্থিতির মাধ্যমে সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন।
সম্প্রতি বোন অংশুলা কাপুরের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন জাহ্নবী। সেই ছবিতে তার হাতে আঁকা মেহেদিতে প্রেমিক শিখর পাহাড়িয়ার ডাকনাম ‘শিখু’ লেখা দেখা যায়। বিষয়টি ভক্তদের নজর কাড়ে এবং সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দেয়। অনেকেই এটিকে জাহ্নবীর পক্ষ থেকে সম্পর্কের প্রকাশ্য স্বীকৃতি হিসেবে দেখছেন।
- Advertisement -
জাহ্নবী ও শিখরের পরিচয় কিশোর বয়স থেকেই। ২০১৬ সালে প্রথম তাদের প্রেমের গুঞ্জন শোনা যায়। পরে বিচ্ছেদের খবর এলেও ২০২৩ সাল থেকে বিভিন্ন অনুষ্ঠান, ভ্রমণ এবং পারিবারিক আয়োজনে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় সম্পর্কের গুঞ্জন আবারও জোরালো হয়।
এর আগেও ‘শিখু’ লেখা নেকলেস পরা এবং এক টেলিভিশন অনুষ্ঠানে ভুল করে শিখরের নাম নিজের দ্রুত যোগাযোগ তালিকায় থাকার কথা বলে ফেলায় আলোচনায় এসেছিলেন জাহ্নবী।
উল্লেখ্য, শিখর পাহাড়িয়া মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিন্ডের নাতি। তিনি পেশায় একজন উদ্যোক্তা ও বিনিয়োগকারী এবং লন্ডনের রিজেন্টস ইউনিভার্সিটি থেকে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করেছেন।
- Advertisement -