উত্তর কোরিয়া মঙ্গলবার পীত সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ বেশকিছু প্রজেক্টাইল নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে পিয়ংইয়ং।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক কূটনৈতিক চাপ দুর্বল হয়ে পড়ার সুযোগ কাজে লাগিয়ে নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে অবস্থান আরো পাকাপোক্ত করার চেষ্টা করছে দেশটি। বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

দক্ষিণ কোরিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টাও বারবার প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। সিউলকে তারা তাদের সবচেয়ে ‘বৈরী’ প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে আসছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানান, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে উত্তর কোরিয়ার চংজু শহর থেকে পীত সাগরের দিকে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ ‘কয়েকটি প্রজেক্টাইল’ নিক্ষেপ করা হয়েছে। পীত সাগর কোরীয় উপদ্বীপ ও চীনের মাঝের জলসীমা।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৮০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। এগুলোর ধরন ও পাল্লা বিশ্লেষণ করা হচ্ছে। একইসাথে সম্ভাব্য আরো উৎক্ষেপণের আশঙ্কায় নজরদারি ও সতর্কতা জোরদার করা হয়েছে।

সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ কোরিয়া এবং তাদের প্রধান নিরাপত্তা অংশীদার মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান ‘পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে’ এবং নিবিড়ভাবে গোয়েন্দা তথ্য বিনিময় করছে।

গত এপ্রিলে পিয়ংইয়ং একই ধরনের আরেকটি পরীক্ষা চালিয়েছিল। সে সময় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছিল, ক্লাস্টার বোমার ওয়ারহেডের বৈশিষ্ট্য ও শক্তি যাচাই করতেই ওই পরীক্ষা চালানো হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews