মুক্তির আগেই দক্ষিণ ভারতীয় তারকা যশ অভিনীত ‘টক্সিক’ সিনেমার কিছু ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে কিয়ারা আদভানি ও তারা সুতারিয়ার সঙ্গে যশের অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা প্রতিক্রিয়া।
তবে এসব সমালোচনার জবাব দিয়েছেন যশ। তার দাবি, সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্য থাকলেও কোনো ধরনের অশালীনতা রাখা হয়নি। এমনকি ছবিতে চুম্বনের দৃশ্যও নেই বলে জানিয়েছেন তিনি।
- Advertisement -
সম্প্রতি সিনেমাটির বিভিন্ন দৃশ্য নিয়ে কথা বলতে গিয়ে যশ বলেন, ঘনিষ্ঠতা দেখানো হলেও অশালীনতাকে তিনি সমর্থন করেন না। তার মতে, যেকোনো দৃশ্যের একটি নির্দিষ্ট সীমা থাকা উচিত এবং সিনেমাটি নির্মাণের সময় সেই সীমা মেনেই কাজ করা হয়েছে।
দৃশ্যগুলো পর্দায় নান্দনিকভাবে উপস্থাপনের ওপরও গুরুত্ব দিয়েছেন এই অভিনেতা। তার ভাষ্য, কোনো দৃশ্যকে সুন্দর ও গ্রহণযোগ্যভাবে দর্শকের সামনে তুলে ধরার দায়িত্ব মূলত নির্মাতার।
এদিকে ‘টক্সিক’-এর ‘তাবাহি’ গান প্রকাশের পর কিয়ারা আদভানিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য দেখা যায়। এ সময় সহশিল্পীর পাশে দাঁড়িয়েছেন যশ।
তিনি বলেন, গানে দর্শকেরা কিয়ারার চরিত্রের খুব সামান্য অংশ দেখেছেন। পুরো সিনেমায় তার অভিনয় আরও বেশি নজর কাড়বে বলেও মন্তব্য করেন তিনি।
সমালোচনা প্রসঙ্গে যশ বলেন, একজন অভিনেতাকে বিভিন্ন সময় নানা ধরনের সমালোচনার মুখোমুখি হতে হয়। তবে সেসব নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করে যাওয়াই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত দর্শক কাজেরই মূল্যায়ন করেন।
নতুন প্রজন্মের দর্শকদের কথা মাথায় রেখেই ‘টক্সিক’ নির্মাণ করা হয়েছে বলে জানান যশ। সিনেমাটি উদার মানসিকতা নিয়ে দেখার পাশাপাশি পূর্ণাঙ্গ অভিজ্ঞতার জন্য দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি উপভোগ করার আহ্বান জানিয়েছেন তিনি।
- Advertisement -