৩১ July ২০২৬ Friday ১২:১৮:৫৭ PM Print this E-mail this

বাবুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রোহিত মন্ডল (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত ১ টার দিকে উপজেলার মাধবপাশা ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের অমৃত কনজুমার ফুড প্রোডাক্টসের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রোহিত মন্ডল গোপালগঞ্জ জেলার পুরাতন বাজার রোড এলাকার বাসিন্দা প্রফেন্দ্রনাথ মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন ১৯-৪৫৯৬) অমৃত কনজুমার ফুড প্রোডাক্টসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের (গোপালগঞ্জ হ-১২-১৪৬৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক রোহিত মন্ডল সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের শব্দে আশপাশের মানুষ ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি বর্তমানে থানার হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews